বন্যার গানে মুগ্ধ মুম্বাইয়ের দর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মুম্বাইয়ের রবীন্দ্রনাট্য মন্দিরে টানা দেড় ঘণ্টা গান করলেন রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। তাঁর গানে সেদিন মুগ্ধ হয় উপস্থিত সবাই। পশ্চিমবঙ্গের বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজের সাবেক শিক্ষার্থীদের সংগঠনের মুম্বাই শাখা আয়োজন করেছিল এই অনুষ্ঠানের। রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠান হয়েছে ২৪ এপ্রিল।বন্যা জানালেন, মুম্বাইয়ে এ পর্যন্ত চারটি অনুষ্ঠানে গান করেছেন তিনি। বললেন, ‘মুম্বাইয়ে নতুন প্রজন্মের অনেকেই ইংরেজি মাধ্যমে পড়াশোনা করছে। তাই হয়তো তেমন বাংলা জানে না কিংবা অর্থ বোঝে না। একই অবস্থা কলকাতাতেও। কিন্তু রবীন্দ্রসংগীতের প্রতি তাদের আগ্রহটা অস্বীকার করা যাবে না।’বলিউডের অনেক ছবিতেই এখন রবীন্দ্রসংগীত ব্যবহার করা হয়। এ ব্যাপারে তিনি বলেন, ‘যদি রবীন্দ্রনাথের বাণী, সুর, তাল, লয় ঠিক রেখে গানটি করা হয়, তাহলে ক্ষতি কিসের! পরিণীতা ছবিতে তো খারাপ লাগেনি।’বাংলাদেশে ভারতীয় ছবি আমদানি নিয়ে যে বিতর্ক হচ্ছে, সে বিষয়েও প্রশ্ন করা হয়েছিল তাঁকে। বললেন, ‘আমি ব্যক্তিগতভাবে চাই না হিন্দি ছবি বাংলাদেশের প্রেক্ষাগৃহে দেখানো হোক। তাতে বাংলাদেশের ছবির বাজারে ভাটা পড়বে।’ মুম্বাই থেকে কলকাতা যান বন্যা। সেখানে বুধবার তারা টিভির ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি।