বন্যার গানের অনুষ্ঠানের শুটিং হলো শ্রীলঙ্কায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম শ্রীলঙ্কা যান ১৯২২ সালে। তখন সেখানে তিনি একটি শিক্ষক প্রশিক্ষণ কলেজের উদ্বোধন করেছিলেন। শেষ গিয়েছিলেন ১৯৩৫ সালে। শান্তিনিকেতনের আদলে একটি বিদ্যাপীঠের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। ওই বিদ্যাপীঠের নাম শ্রীপাল্লি। এর মাঝে আরও একবার তিনি শ্রীলঙ্কা গিয়েছিলেন। প্রতিবারই সেখান থেকে ফিরে এসে তিনি কিছু গান রচনা করেছেন। এবার তেমনই পাঁচটি গান নিয়ে অনুষ্ঠান তৈরি হচ্ছে। আর অনুষ্ঠানটির পুরো দৃশ্য ধারণের কাজই হয়েছে শ্রীলঙ্কায়।’ বললেন রেজওয়ানা চৌধুরী বন্যা। রবীন্দ্রনাথের গান নিয়ে এই অনুষ্ঠানটির নাম সঙ্গে রবীন্দ্রনাথ। মার্চ মাসের শেষ দিকে শ্রীলঙ্কার কলম্বো আর গল এলাকায় অনুষ্ঠানটির শুটিং হয়েছে। এটি পরিচালনা করেছেন আফজাল হোসেন। আগামী পঁচিশে বৈশাখ চ্যানেল আইতে দেখানো হবে সঙ্গে রবীন্দ্রনাথ। বন্যা আরও বলেন, ‘শ্রীলঙ্কা সুন্দর একটা দেশ। চারদিকে শুধুই সবুজ। ছোট ছোট বাড়ি। আমাদের ঢাকার মতো বড় বড় অট্টালিকা এখনো সেখানে গড়ে ওঠেনি। একটা অংশ পাহাড় আর অন্য অংশে সমুদ্র। ওখানে কাজ করতে গিয়ে মনটা একেবারে ভরে গেছে। এ সময় আমাদের সঙ্গে আরও ছিলেন রাবেয়া খাতুন।’