বন্যার হাতে রবীন্দ্র পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রসংগীত প্রচার ও প্রসারে অবদানের স্বীকৃতিস্বরূপ শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার হাতে বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার তুলে দেন একাডেমির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান৷ পাশে একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান । ছবি: প্রথম আলো
রবীন্দ্রসংগীত প্রচার ও প্রসারে অবদানের স্বীকৃতিস্বরূপ শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার হাতে বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার তুলে দেন একাডেমির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান৷ পাশে একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান । ছবি: প্রথম আলো

অনুষ্ঠান বললে যে রকমের ঘটা আর আনুষ্ঠানিকতার কথা মনে আসে, তেমন নয়। বেশ ঘরোয়া আয়োজন৷ দর্শক বলতে ছিলেন পরিচিতজনেরা। শিল্পীরা গান করলেন খালি কণ্ঠে। কিন্তু নিখাদ শ্রদ্ধা ও প্রীতিতে উষ্ণ ছিল আয়োজনটি।
এ রকম আবহেই গতকাল মঙ্গলবার বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার তুলে দেওয়া হলো বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার হাতে৷ বিকেলে একাডেমির সেমিনার কক্ষে আয়োজিত হয় এ পুরস্কার প্রদান অনুষ্ঠান। িবকেল চারটায় বাংলা একাডেমির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়৷ এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানসহ একাডেমির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও সংগীতপ্রতিষ্ঠান সুরের ধারার শিল্পীরা। গত ৮ মে রবীন্দ্রজয়ন্তীর দিন (পঁচিশে বৈশাখ) এ পুরস্কার প্রদান করার কথা থাকলেও সেদিন শিল্পী দেশের বাইরে থাকায় গতকাল বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
রবীন্দ্রসংগীতের প্রচার ও প্রসারে অবদানের স্বীকৃতিস্বরূপ শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এ পুরস্কার লাভ করেন। অনুষ্ঠানে শিল্পীর হাতে পুষ্পস্তবক, সনদ, ক্রেস্ট ও পুরস্কারের অর্থ ৫০ হাজার টাকা তুলে দেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান ও মহাপরিচালক শামসুজ্জামান খান। এ সময় সুরের ধারার শিল্পীরা খালি কণ্ঠে গেয়ে ওঠেন ‘তুমি কেমন করে গান করো হে গুণী’ গানটি৷
অনুভূতি প্রকাশ করতে গিয়ে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘পুরস্কার আনন্দের, অনুপ্রেরণার। আর এ পুরস্কার যেহেতু রবীন্দ্র পুরস্কার, সেহেতু আমার কাছে এর একটা আলাদা মূল্য রয়েছে।’ বাংলা একাডেমির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শিল্পী।
সভাপতির বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান রেজওয়ানা চৌধুরী বন্যাকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘অত্যন্ত যোগ্যতা, পরিশীলনের সঙ্গে রবীন্দ্রচর্চার একটা আবহ তৈরি করছে বন্যা। এটি খুব বড় কাজ। সে জন্য সব সময় আমাদের অভিনন্দন প্রাপ্য বন্যার।’
সবশেষে বন্যা ও সুরের ধারার শিল্পীরা খালি গলায় সমবেতভাবে ‘তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে’ গানটি পরিবেশন করেন।