
মঞ্চের ওপরেই হারমোনিয়াম, ঢোল, তবলা নিয়ে বসে যন্ত্রীদল। হঠাৎ ঢোল-তবলা বেজে উঠল। চোখাচোখি-সখাসখি/ ভালোবাসা চুইয়ের নেশা ... গান ও নাচ করতে করতে আদিবাসী সাজে একদল তরুণ-তরুণী মঞ্চে ঢুকলেন। মহড়াকক্ষের এক কোনা থেকে শোনা গেল, ‘ভোকাল চাই, সবাইকে গান গাইতে হবে। গানের দল ভাড়া করা যাবে না।’
ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিয়ে ‘বিবর্তন যশোর’ দলের নাটক মাতব্রিং-এর মহড়া চলছিল। এটি তাদের ১৪তম প্রযোজনা। আসছে শুক্রবার সন্ধ্যায় যশোর জেলা শিল্পকলা একাডেমির মঞ্চে হবে উদ্বোধনী প্রদর্শনী। দর্শনীর টাকা যাবে যশোরের ভবদহ অঞ্চলের বন্যার্ত মানুষের সহায়তায়। তেমনটাই জানালেন বিবর্তন যশোরের সভাপতি সানোয়ার আলম খান। তিনি বলেন, ‘বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে ঢাকার শিল্পকলা একাডেমির মঞ্চে জাতীয় নাট্যোৎসবে ৭ অক্টোবর, চুয়াডাঙ্গার অরিন্দম নাট্যোত্সবে ২৭ অক্টোবর, ২১ ডিসেম্বর ভারতের হালিশহরে, মেয়র নাট্যোত্সবে ২১ ডিসেম্বর, চন্দননগরে যুগের যাত্রী দুই বাংলার নাট্যোত্সবে ২ ফেব্রুয়ারি ও বহরমপুর শহরে ঋত্বিকের নাট্যোত্সবে মাতব্রিং নাটকটি মঞ্চস্থ হবে।
মান্দি জনগোষ্ঠীর দুই নর-নারীর অনবদ্য প্রেমকাহিনি নিয়ে নাটকের গল্প লিখেছেন সাধনা আহমেদ এবং নির্দেশনা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইউসুফ হাসান।