ববি ও আইটেম গান
দুই দিন এক রাত—এ সময়টা কীভাবে কেটেছে, তিনি জানেন না। মনের একদিকে উদ্বেগ, অন্যদিকে উত্তেজনা—সব মিলিয়ে মিশ্র প্রতিক্রিয়া। এটাই তাঁর করা প্রথম কোনো আইটেম গানের নাচ। ইফতেখার চৌধুরীর দেহরক্ষী চলচ্চিত্রের ‘রাতের রানী আমি সোহানা’ আইটেম গানের সঙ্গে তাঁর নাচ পরিবেশনা এর মধ্যেই বেশ সাড়া ফেলেছে।বলছিলাম ববির কথা। এই চলচ্চিত্রের মূল নায়িকাও তিনি।ভারতীয় চলচ্চিত্রে আইটেম গান জনপ্রিয় হলেও বাংলাদেশের চলচ্চিত্রে এটি নতুনভাবে যোগ হয়েছে। তাই দেহরক্ষীতে আইটেম গানের সঙ্গে নাচতে হবে শুনে খানিকটা দ্বিধায় পড়েছিলেন ববি। দর্শকেরা কীভাবে গ্রহণ করবেন—সেটি নিয়ে চিন্তিত ছিলেন। কিন্তু চ্যালেঞ্জ নিতে কখনো ভয় পান না ববি। এবারও ব্যতিক্রম হলো না।ববি সবসময় নিজের পোশাকের নকশা নিজেই করেন। কিন্তু আইটেম গানের সঙ্গে কোন ধরনের পোশাক পরবেন? পোশাকটা আবার হতে হবে রুচিশীল ও আকর্ষণীয়। অনেক ভাবনাচিন্তা শেষে নকশা করে ফেললেন বেশ কয়েকটি পোশাকের। ববি বলেন, ‘একটানা দুই দিন এক রাত শুটিং করেছি। অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে। চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের আগে সবাই আইটেম গানটিকে খুবই ভালোভাবে গ্রহণ করেছেন। ইউটিউব-মন্তব্যে কেউ কেউ “শিলা কি জওয়ানি” কিংবা “মুন্নি বদনাম”-এর সঙ্গে তুলনা করেছেন গানটিকে। সব মিলিয়ে ইতিবাচক সাড়া পেয়েছি।’অদিতের সংগীত পরিচালনায় দেহরক্ষীর এ গানটি গেয়েছেন দোলা। দেহরক্ষী ববির অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র। এই চলচ্চিত্রে তাঁর বিপরীতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও কাজী মারুফ। খোঁজ—দ্য সার্চ ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন ববি। বললেন, ‘সামনে বেশ কয়েকটি চলচ্চিত্র ও বিজ্ঞাপনে কাজ করার ইচ্ছা আছে। তবে আপাতত ছোট পর্দায় অভিনয়ের কোনো পরিকল্পনা নেই।’ ভবিষ্যতে আরও কোনো আইটেম গানে নাচ পরিবেশনের ইচ্ছা আছে কি না, জানতে চাইলে তিনি জানান, চরিত্রের প্রয়োজনে কাজটি তিনি করতে পারেন। তবে সেই নাচটিকে অবশ্যই মানসম্মত হতে হবে।