ববিতা এখন

৬৯ দিনের জন্য আজ কানাডায় যাচ্ছেন ববিতা। তিনি জানালেন, তাঁর এবারের কানাডা সফর অন্য সফরগুলো থেকে একটু আলাদা। ববিতার একমাত্র ছেলে অনিক ইসলাম কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ে তড়িৎ প্রকৌশল বিভাগে স্নাতক করেছেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাবর্তন অনুষ্ঠান হবে ১৫ জুন। এ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। ববিতা এখন যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান ডিস্ট্রেস্ড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনালের শুভেচ্ছাদূত। ছিন্নমূল ও অসহায় শিশুদের জন্য কাজ করছে প্রতিষ্ঠানটি। ববিতা বলেন, ‘আমি এই প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে বক্তব্য রেখেছি। বাংলাদেশসহ তৃতীয় বিশ্বের অসহায় ও ছিন্নমূল শিশুদের কথা বিশ্বের সামনে তুলে ধরেছি। এই শিশুদের সহায়তার জন্য তহবিল গঠনে সহযোগিতা করছি। এবারও কানাডায় এই প্রতিষ্ঠানের একাধিক সভা ও সেমিনারে অংশ নেব।’ ববিতা আরও জানান, তাঁর জন্মদিন ৩০ জুলাই। কয়েক বছর ধরে এই দিনে ছেলের সঙ্গেই থাকছেন তিনি। এবার ছেলের সঙ্গে রমজানের ঈদ উদ্যাপনেরও পরিকল্পনা আছে তাঁর। এরপর তিনি দেশে ফিরবেন ১২ আগস্ট।