ববিতা ডিসিআইয়ের শুভেচ্ছা দূত হলেন
প্রখ্যাত চলচ্চিত্রশিল্পী ববিতা ডিস্ট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্ট ইন্টারন্যাশনালের (ডিসিআই) রাইট অ্যান্ড সাইট কর্মসূচির আওতায় শুভেচ্ছা দূত হিসেবে কাজ শুরু করেছেন। ডিসিআইয়ের পরিচালক নিনা হক গত সপ্তাহে ববিতার সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে তাঁকে নতুন শুভেচ্ছা দূত হিসেবে সম্মানিত করেন।ববিতা ডিসিআইয়ের সঙ্গে বিশ্বব্যাপী চাইল্ড রাইট অ্যান্ড সাইট কর্মসূচিতে সহযোগিতা শুরু করেছেন এবং এই কাজে তিনি অনেক বছর পর্যন্ত সম্পৃক্ত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। ববিতা ‘অশনি সংকেত’ উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায়ের একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য সমধিক পরিচিত। প্রখ্যাত এই শিল্পী তাঁর পেশাজীবনে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১৯৭৫, ১৯৭৬, ১৯৭৭, ১৯৮৫, ২০০২), বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার (১৯৭৪, ১৯৭৭, ১৯৮০, ১৯৮৫), বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পুরস্কার (১৯৯৩), ঢালিউড মিউজিক অ্যান্ড ফিল্ম লাইফ টাইম অ্যাচিভমেন্টসহ (২০০২, ২০০৯) অনেক মর্যাদাশীল পুরস্কার লাভ করেন। তিনি আর্ট ফিল্ম ছাড়াও দুই শতাধিক ছবিতে অভিনয় করেন। এখন ডিস্ট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনালের হয়ে তিনি শিশু অধিকারের দিকে মানুষের দৃষ্টি ফেরাতে কাজ করতে চান।ববিতা আগামী ১০ সেপ্টেম্বর ইয়েল ইউনিভার্সিটিতে অনুষ্ঠেয় ডিসিআইয়ের চাইল্ড রাইট অ্যান্ড সাইট-বিষয়ক জাতীয় সম্মেলনে যোগ দেবেন। সেখানে তিনি মূল বক্তব্য দেবেন। সম্মেলন শেষে তিনি চাইল্ড রাইট অ্যান্ড সাইটের পক্ষে প্রচারণা চালাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ও কানাডা সফর করবেন।ডিস্ট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) যুক্তরাষ্ট্রভিত্তিক একটি অলাভজনক প্রতিষ্ঠান। শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো মৌলিক প্রয়োজন মেটানোর মাধ্যমে অধিকারবঞ্চিত শিশুদের দারিদ্র্য থেকে বের করে আনার লক্ষ্য নিয়ে ২০০০ সালে এটি প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের অধিকারবঞ্চিত শিশুদের জন্য সংগঠনটির ব্যাপক কর্মসূচি রয়েছে। বাসস।