ববিতার প্রিয় ফেরদৌসী মজুমদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ববিতা ও ফেরদৌসী মজুমদার
ববিতা ও ফেরদৌসী মজুমদার

ববিতারও প্রিয় অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদার। ‘ডেইলি স্টার-স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সেলিব্রেটিং লাইফ’ বা ‘জীবনের জয়গান’–এর এবারের আসরে মঞ্চে যখন আজীবন সম্মাননার পুরস্কার দেওয়া হচ্ছিল, তখনই তা জানা গেল। ববিতা বললেন, তাঁর অনেক প্রিয় একজন অভিনেত্রী ও প্রিয় মানুষের নাম ফেরদৌসী মজুমদার। 

গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রি মিলনায়তনে ছিল ‘ডেইলি স্টার-স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সেলিব্রেটিং লাইফ ২০১৬’-এর পুরস্কার বিতরণী। তরুণ গীতিকার, নির্মাতা ও আলোকচিত্রী অন্বেষণের প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
অভিনয়ে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ফেরদৌসী মজুমদারকে দেওয়া হয় আজীবন সম্মাননা পুরস্কার। এ সময় মঞ্চে ছিলেন দেশবরেণ্য চলচ্চিত্র অভিনেত্রী ববিতাও। ফেরদৌসী মজুমদারের হাতে পুরস্কার তুলে দিতে পেরে ভীষণ খুশি ছিলেন ববিতা। তখনই তাঁর প্রিয় অভিনেত্রীকে নিয়ে কথা বলার সুযোগটি হাতছাড়া করলেন না ববিতা।
ফেরদৌসী মজুমদারের একজন ভীষণ ভক্ত ববিতা। একসঙ্গে তাঁরা দুজন কাজও করেছেন। তাঁকে নিয়ে সুন্দর স্মৃতিও আছে ববিতার। যখনই দুজনের দেখা হয়, কথাটি বলেনও। মঙ্গলবার সন্ধ্যায় কথাটি জনসমক্ষে বললেন এই অভিনেত্রী। ববিতা বলেন, ‘আ​মার সুযোগ হয়েছে বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ​ রায়ের (আমার তাঁকে মানিকদা বলে ডাকি) সঙ্গে কাজ করার। মানিকদার ছবিতে যখন কাজ করছিলাম, তখন তিনি আমাকে ডেকে বলেছিলেন, “এই ববিতা, শোন তো, তোদের দেশে টেলিভিশনে কাজ করেন ফেরদৌসী মজুমদার আছে না, তিনি কিন্তু দারুণ আর্টিস্ট।” আমার তো শুনে কী যে ভালো লাগল। মুহূর্তেই মনটা ভরে গেল। দেশে ফিরে এসে কথাটি আমি সঙ্গে সঙ্গে তাঁকে জানাই। শুধু সত্যজিৎ​ রায় নয়, আপনি আমাদেরও অনেক প্রিয়।’
‘ডেইলি স্টার-স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সেলিব্রেটিং লাইফ ২০১৬’ বা ‘জীবনের গান’–এ এবারের আয়োজনে ফেরদৌসী মজুমদার ছাড়া সংগীতে আলম খান আর চিত্রগ্রাহক হিসেবে রেজা লতিফকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।