ববির পিকনিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফোনটা বেজেই চলেছে। শুটিং স্পটে সবাই অপেক্ষা করছে ববির জন্য। শাসনের চোখে মা ববির দিকে তাকিয়ে আছেন, ‘তুমি শুটিংয়ে যাচ্ছ না তো!’ মায়ের চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে যেতে হবে।‘স্যারের বাসায় যাচ্ছি’ বলেই কাঁধের ব্যাগে কাপড়চোপড় ভরে কোনোমতে বেরিয়ে গেলেন ববি। সোজা শুটিং স্পটে। এখানে তো আসা হলো। কিন্তু ফেরার সময় কী হবে। মেকাপ আর পোশাক দেখলেই মায়ের কাছে ধরা পড়ে যাবেন। একটা উপায়ও বের করে ফেললেন। বাড়ি ফিরে ববি সোজা ঢুকে পড়লেন নিচতলার বাসায়। ওখানেই পোশাক পাল্টে, মেকাপ তুলে ঘরে ফেরা।এটা কয়েক বছর আগের কথা। ববি তখন এভাবেই কাজ করতেন—বাসার সবার চোখ এড়িয়ে, পড়ার ফাঁকে সময় বের করে। তখন অবশ্য কাজের পরিধি, ব্যস্ততাও অনেক কম ছিল তাঁর। মূলত মডেলিং, অল্প-স্বল্প অভিনয় আর মনোযোগ দিয়ে পড়াশোনা—এই ছিল ববির জগৎ। এখন ববি বড় পর্দার অভিনয়শিল্পী। প্রথম চলচ্চিত্র খোঁজ—দ্য সার্চ-এ অভিনয় করে প্রশংসা পাচ্ছেন অনেক। তবু বাসার অবস্থাটা বদলায়নি। শুটিংয়ে বের হওয়ার আগের লুকোচুরিটা এখন অবশ্য আর করতে হয় না। তবু মা হাসিমুখে বিদায় দেন, এমন নয়। ‘আমার ছবি দেখে বন্ধুবান্ধব, পরিচিতজনেরা দারুণ প্রশংসা করেছেন, উৎসাহ দিয়েছেন। প্রেক্ষাগৃহে নিজের ছবি দেখতে গিয়ে দর্শকদের সরাসরি প্রতিক্রিয়াও বেশ ভালো পেয়েছি। কিন্তু মা-বাবা তেমন কিছুই বললেন না। এ দুঃখ আমার সারা জীবনেও যাবে না।’—বললেন ববি।‘বাইরের অনেকেই আমার কাজ দেখে ভালো বলছেন। এত ভালো কাজ করতে চাই যে একদিন আমার পরিবারের সবাই অবাক হয়ে যাবেন পর্দার ববিকে দেখে’—দুঃখটাকেই প্রেরণা বানিয়েছেন ববি।চলচ্চিত্রে আসার আগে মডেলিং করেছেন প্রচুর। সালাউদ্দিন লাভলুর ভবের হাট ধারাবাহিকে কাজ করা হয়েছে তাঁর। বাড়িতে যতই আপত্তি থাক, একদিন বড় পর্দায় কাজ করবেন—এ স্বপ্নটাও দেখতেন ববি—‘অভিনয় তো আছেই। কিন্তু কেবল ওটার টানে নয়। বড় পর্দায় নাচ-গান, পোশাক সব মিলিয়ে যে একটা ব্যাপার আছে, সেটাই আমাকে আকর্ষণ করত। বাসায় টেলিভিশনে, সিনেমা দেখতে দেখতে নিজেকে সেই জায়গায় কল্পনা করতাম।’এ স্বপ্নটা শুধু ববির একারই ছিল। কাছের মানুষজনের কাছ থেকে এ নিয়ে তেমন সাহায্যও পাননি। প্রাতিষ্ঠানিকভাবে অভিনয়, নাচ শেখাও হয়নি। তবু স্বপ্ন আর মনের জোর নিয়ে এগিয়ে গেছেন ববি। কাজ করার অনুমতি বাসা থেকে পাওয়া যাবে না জেনেও সিনেমায় স্ক্রিন টেস্ট দেওয়ার সুযোগটা হাতছাড়া করেননি। এর পরের ধাপগুলো পেরিয়ে গেলেন সহজেই। সত্যি সত্যি সুযোগ এসেই গেল সিনেমায় অভিনয়ের। কিন্তু এখনকার ধাপটাই সবচেয়ে কঠিন। মানে বাড়ির অনুমতি জোগাড় করা। এটাই প্রথম, এটাই শেষ—এসব বলে অনুমতিও নিয়ে ফেললেন। তবে কথা দিতে হলো, বিবিএ পড়াটা শেষ করবেন। কথা রেখেছেন ববি। এরপর নিয়মিত অভিনয়টা চালিয়ে যাওয়ার অনুমতিও নিয়ে ফেলেছেন। তবে এ জন্য আবারও কথা দিতে হয়েছে—এমবিএ শেষ করার। শিগগিরই ববিকে দেখা যাবে ইমপ্রেস টেলিফিল্মের পিকনিক নামের একটি ছবিতে। ‘আরও কয়েকটি ছবির জন্য কথাবার্তা চলছে। চূড়ান্ত হলেই জানাব।’—বললেন ববি। সময় আর সুযোগ হলে বিজ্ঞাপনচিত্রে কাজ করার ইচ্ছার কথাও জানালেন তিনি। তবে নাটকে অভিনয়টা হয়তো এখনই আর হবে না। আপাতত বড় পর্দায়ই সব মনোযোগ ববির।