
সংস্কৃতিমন্ত্রী বললেন, একদল নারী পর্যটক গিয়েছেন বিশ্বভ্রমণে। গাইড ঘুরে ঘুরে দেখাচ্ছেন বিশ্বের দর্শনীয় স্থানগুলো। কানাডার নায়াগ্রা জলপ্রপাতের সামনে এসে গাইড বললেন, এ জলপ্রপাত থেকে পানি পড়লে অনেক শব্দ হয়। আপনারা যদি একটু চুপ করেন, তাহলে এই শব্দটা শুনতে পাবেন।
সংস্কৃতিমন্ত্রীর মুখে কৌতুকটি শুনে গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে সমাগতরা অট্টহাসিতে ফেটে পড়লেন। মন্ত্রী কিছুক্ষণ পর বললেন, ‘এটা নেহাত একটি কৌতুক। কাউকে উদ্দেশ্য করে বলা না।’
প্রদর্শনী কক্ষটিতে একটু আগে মানুষের গমগমে আলাপচারিতার কারণে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের কৌতুকটি ছিল প্রাসঙ্গিক। বেঙ্গল লাউঞ্জের প্রতিটি কক্ষে আক্ষরিক অর্থে গতকাল ছিল দর্শকের উপচে পড়া ভিড়। প্রদর্শনী দেখতে দেখতে দর্শকদের মুখ থেকে বের হয়, ‘বাহ! কী সুন্দর শাড়ি...।’ প্রদর্শনীটি সত্যিকার অর্থে শুধু নান্দনিকই নয়, ব্যতিক্রমীও বটে।
‘টাঙ্গাইল বয়নশিল্পের কাব্যকথা’ এমন এক প্রদর্শনী, যেখানে ছিল বংশপরম্পরায় বুননের ঐতিহ্য আর তার কিছু সেরা নিদর্শন। টাঙ্গাইল শাড়ির বিপুল বৈভব, এর অন্তর্নিহিত বৈশিষ্ট্য ও সৌন্দর্য এবং দেলদুয়ার, কালিহাতী, মির্জাপুর, নাগরপুর, পাথরাইল ও ঘাটাইলসহ টাঙ্গাইলের বিস্তীর্ণ বয়ন অঞ্চলের সৃষ্টিশীল, বৈচিত্র্যময় বুননের শৈলী নিয়ে আয়োজন করা হয়েছে এ প্রদর্শনী। বুধবার সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং রাজকীয় ডেনিশ রাষ্ট্রদূত হ্যানে ফুগেল এসকাজার। উদ্বোধনী বক্তব্যের পর অতিথিরা তাঁতে প্রতীকীভাবে বুনন করেন। সমাগতরা প্রদর্শনীর সুবিশাল কক্ষের মাঝখানে দুই পাশে সারি বেঁধে দাঁড়ান। দর্শকের মাঝখানে লম্বা একটি জায়গা তৈরি হয়। এখানে ফ্যাশন শোতে অংশ নেন কয়েকজন মডেল, যা এ আয়োজনে ব্যতিক্রমী মেজাজ যোগ করে। রাষ্ট্রদূত হ্যানে ফুগেলসহ ভিনদেশি অনেকেই শাড়ি পরে উপস্থিত হয়েছেন।
প্রদর্শনীতে কয়েক দশক ধরে তাঁতের সূক্ষ্ম বুননের পরিক্রমা দেখা গেছে। একই সঙ্গে একজন দক্ষ তাঁতির বুননকৌশল ও টেক্সটাইল প্রকৌশলের জন্য ব্যবহৃত সরঞ্জামও স্থাপনাশিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। রয়েছে ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশের সদস্য কুহু প্লামন্দন, এমদাদ হক, ফারহা আনজুম, শৈবাল সাহা, শাবানা আলী, মুমু মারিয়া, লিপি খন্দকার, শাহরুখ আমিন, নওশিন খায়ের, বিপ্লব সাহা, চন্দনা দেওয়ান এবং মাহিন খানের সংগ্রহ। সাম্প্রতিক ডিজাইনের তাঁতের শাড়ি নিয়ে অংশগ্রহণ করছে আড়ং। আয়োজনে সহযোগিতা করেছে ব্র্যাক ব্যাংক ও স্কয়ার টয়লেট্রিজ লি.। প্রদর্শনী চলবে ৪ অক্টোবর পর্যন্ত।
স্মরণে ফিরোজা বেগম

কিংবদন্তি নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগমকে শ্রদ্ধা জানানো হলো গত মঙ্গলবার সন্ধ্যায়। বিশিষ্টজনদের স্মৃতিচারণায়, স্বজনদের অশ্রুসিক্ত বর্ণনায় শিল্পীর সংগীত-জীবনসহ নানা বিষয় উপস্থাপিত হলো।
আলোচনার পাশাপাশি ছিল শিল্পীর জীবনভিত্তিক ভিডিওচিত্রের প্রদর্শনী। আরও ছিল শিল্পীর নানা স্থিরচিত্রের উপস্থাপনা। অনুষ্ঠানটি ছিল জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে। এ শ্রদ্ধাঞ্জলি ও স্মরণানুষ্ঠানের আয়োজন করে গানবাংলা টেলিভিশন।
কামাল লোহানী বলেন, ‘সেদিন ছিল রাওয়ালপিন্ডি টেলিভিশনের উদ্বোধনী অনুষ্ঠান। সেই আয়োজনে সংগীত পরিবেশন করবেন ফিরোজা বেগম। টেলিভিশন কর্তৃপক্ষ তাঁকে জানাল, বাংলা ভাষায় কোনো সংগীত পরিবেশন করা যাবে না। ফিরোজা বেগমও দৃঢ় কণ্ঠে তাদের বললেন, বাংলা ভাষা ছাড়া অন্য ভাষার গান গাইবেন না। সেই প্রস্তাব মেনে নিতে বাধ্য হলো কর্তৃপক্ষ।’
শিল্পীর ভাই আসাফ-উদ-দৌলা বোনের বিশেষ গীত ‘তুম ভুলা না দিয়া সাঁকো’ স্মরণ করেন। যে গীত শুধু ফিরোজা বেগমকে ভিন্নরূপে প্রকাশ করে।
আলোচনায় অংশ নেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, সংগীত পরিচালক আজাদ রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম, শিল্পীর ছোট ভাই মসীহ উদ দৌলা, দুই ছেলে হামিন আহমেদ ও শাফিন আহমেদ, ভাতিজি রুবাবা-উদ-দৌলা, সুস্মিতা আনিস, কণ্ঠশিল্পী সুজিত মোস্তাফা, ইয়াসমীন মুশতারী, সাদিয়া আফরিন মল্লিকসহ অনেকে।