আনন্দ ছবিতে রাজেশ খান্নার একটি সংলাপ ছিল, ‘জীবন বড় হওয়া উচিত, লম্বা নয়।’ এ সপ্তাহে মুক্তি পাওয়া অনুরাগ বসুর বরফি ছবির প্লট অনেকটা এই সংলাপের মতোই। জীবনের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত যতটা সম্ভব উপভোগ করা যাবে, জীবন তত বেশি অর্থবহ হবে। কিন্তু অনেকেরই ধারণা, বোবা-কালা কিংবা মানসিক বিকারগ্রস্ত মানুষের আবার উপভোগ কী? তাদের জীবনটা হয় বিষাদময়। রংহীন। আর এই প্রচলিত মিথকে এক নিমেষে ভাঙচুর করে দেওয়ার জন্যই অনুরাগ নির্মাণ করেছেন বরফি। টুইটারে টুইটস কিংবা ফেসবুকে স্ট্যাটাস গণনা করলে অধিকাংশ বলিউডবাসীর রায়, বরফি-ই এ বছরের শ্রেষ্ঠ ছবি। মাধুরী দীক্ষিত বলেন, ‘এক বছরে বেশ কয়েকটি ভালো হিন্দি ছবি দেখেছিলাম। কিন্তু তার পরও কোথায় যেন মাটির গন্ধ কিংবা আত্মাটা হারিয়েছিলাম। প্রায় সব ছবিতেই তথ্যপ্রযুক্তির অভিনব কায়দা দেখেছি। কম্পিউটারাইজ গান শুনেছি। প্রাণহীন অভিনয় দেখেছি। সবকিছু থেকে ব্যতিক্রম বরফি। রণবীর-প্রিয়াঙ্কার অভিনয়, প্রীতমের অসাধারণ সুর। আহ! এই ছবিটি না দেখলে আমাদের চলচ্চিত্রের সঙ্গে প্রতারণা করা হবে!’ ১৯৭২, ১৯৭৮ ও ২০১২ সালকে নিয়ে বরফি ছবির প্রেক্ষাপট। ছবির নায়ক রণবীর কাপুর বোবা-কালা। নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া মানসিক প্রতিবন্ধী। ছবিতে তাঁর সর্বসাকল্যে সংলাপ ১০টি। নতুন নায়িকা ইলিয়েনা ডি ক্রুজও পেয়েছেন হাতে গোনা কয়েকটি সংলাপ। মাত্র পাঁচ দিনে পুরো ছবির ডাবিং সেরেছিলেন পরিচালক। স্বাভাবিকভাবেই তিনি ঠিক করেছিলেন ছবির নাম রাখবেন সাইলেন্স। প্রযোজকের আবদার মেটাতে রেখেছেন বরফি। ‘যে ছবিতে নায়কের ‘ঢিশুম ঢিশুম’ অ্যাকশন নেই, জবরদস্ত সংলাপ নেই, নায়িকার আইটেম গান নেই, সে ছবি সমালোচকদের কলমের খোঁচায় বিজয়কেতন ছিনিয়ে আনতে পারে, কিন্তু বলিউডের সাধারণ দর্শক কি আর এ ধরনের ছবিকে পৃষ্ঠপোষকতা করবে? কখনো না!’—এমন ধারণা করেছিলেন নিন্দুকেরা। তবে সেসব কথা এখন আর ধোপে টিকছে না। মুক্তির প্রথম দুই দিনে শুধু ভারত থেকে বরফির আয় ২০ কোটি ৭০ লাখ রুপি। যেভাবে ছবির বক্স অফিস কালেকশন বাড়ছে, তাতে শিগগিরই সুপারহিট ছবির তকমা পাবে এটি। আর এ কারণেই পরিচালক ঋতুপর্ণ ঘোষ মন্তব্য করেছেন, ‘হিন্দি ছবির দর্শকেরা স্মার্ট হয়ে গেছেন।’ সত্যিই তাই। একদিকে টুইটারে আমজনতার কাছে ট্রেন্ডস হচ্ছে বরফি, অন্যদিকে পুসান চলচ্চিত্র উৎসবে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এই ছবির পরিচালক। সব শ্রেণীর ও সব বয়সের দর্শকের মন জয় করা চাট্টিখানি কথা নয়।রণবীর কাপুর গত বছর রকস্টার ছবির জন্য সব কটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কৃত হয়েছিলেন। তাঁরই বন্ধু-সহকর্মী ইমরান খান বরফি দেখে মন্তব্য করেছেন, ‘আগামী বছরও রণবীর তাঁর জন্য সব পুরস্কার বরাদ্দ করে ফেলল। ওর দাদা রাজ কাপুর ও চার্লি চ্যাপলিনের মতো করে ও যা অভিনয় করেছে, তাতে আমি বাকরুদ্ধ। তবে এ ছবির সারপ্রাইজ প্যাকেজ নিঃসন্দেহে প্রিয়াঙ্কা চোপড়া।’ প্রিয়াঙ্কার চিরপ্রতিদ্বন্দ্বী লারা দত্ত বলেন, ‘অনেক দিন পর সিনেমা দেখে কাঁদলাম। বরফি দেখে স্যালুট করছি প্রিয়াঙ্কা-রণবীর-ইলিয়েনাকে।’ পরিচালক ফারহান আখতার বলেন, ‘নিঃসন্দেহে মারফি ও ঝিলমিল রণবীর-প্রিয়াঙ্কার এ পর্যন্ত করা শ্রেষ্ঠ কাজ। প্রিয়াঙ্কা আমার পরিচালিত ছবিগুলোতেও এত ভালো অভিনয় করেনি।’ ঠোঁটকাটা পরিচালক সাজিদ খান বলেন, ‘আনজানা আনজানি দেখে মাথা ধরে গিয়েছিল। শুধু প্রিয়াঙ্কার অতি অভিনয়ে বিরক্ত হয়ে ছবিটি সম্পর্কে নেতিবাচক ধারণা হয়েছিল। অগ্নিপথ ছবিতেও প্রিয়াঙ্কা তাঁর সর্বোচ্চ ন্যাকামো দেখিয়েছে। কিন্তু বরফি দেখে আমি রীতিমতো বিস্মিত। মুগ্ধ। নিমেষেই প্রিয়াঙ্কার সব পাপ মাফ করে দিয়েছি।’ অভিনেতা কমল হাসানের মতে, ‘এতদিন মানসিক প্রতিবন্ধী চরিত্রে সাদমা ছবির শ্রীদেবীকে ছাড়িয়ে যেতে পারেনি কেউ। তবে বরফি ছবিতে প্রিয়াঙ্কা তার গ্ল্যামারাস ভাবমূর্তি ছেড়ে যেভাবে অভিনয় করেছে, অপূর্ব!’ প্রিয়াঙ্কা অবশ্য তাঁর সাফল্যের সিঁকি ভাগ কৃতিত্ব নিজেকে কিংবা পরিচালক-সহশিল্পীকে নন, দিতে চান শাহরুখ খানকে। শাহরুখই নাকি মাই নেম ইজ খান ছবির জন্য করা সব রিসার্চ পেপার প্রিয়াঙ্কাকে পড়তে দিয়েছিলেন। ওই ছবিতেও শাহরুখ অটিস্টিক চরিত্রে অভিনয় করেছিলেন। ছবির আরেক নায়িকা ইলিয়েনা তেলেগু ছবির অন্যতম শীর্ষ নায়িকা। ভারতের অন্যতম সুপার মডেল। ইলিয়েনার চরিত্রে ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোনকে প্রস্তাব দিয়েছিলেন পরিচালক। তবে মার্ডার, লাইফ ইন এ মেট্রো, কাইটস ছবির পরিচালককে হতাশ করে ফিরিয়ে দিয়েছিলেন ক্যাট-পাড়ুকোন দুজনেই। বাধ্য হয়ে ইলিয়েনাকে নিয়েছেন অনুরাগ। তিনি ভুল করেননি। ইলিয়েনা-রণবীরের জুটিও দর্শক পছন্দ করেছে। রণবীর বলেন, ‘দর্শক ছবিতে শুধু সিলভেস্টার স্ট্যালোনের মতো শরীর দেখতে চায় না। ব্র্যাড পিটের মতো শুধু সুন্দর চেহারা দেখতে চায় না। তারা চরিত্রের প্রতি নায়কের সততা, আন্তরিকতা দেখতে চায়। এ জন্য বরফি ছবির “বরফি” চরিত্রে যখন অভিনয় করেছি শুটিং শুরু হওয়ার এক মাস আগেই দার্জিলিং চলে গিয়েছিলাম। এক মাস ঘুরেছি-ফিরেছি, চরিত্রটি ধীরে ধীরে নিজের ভেতর ধারণ করেছি। ছবির দুটি দৃশ্যে নিজের স্টান্ট নিজেই করেছি।’ রণবীরের আন্তরিকতা নিয়ে পরিচালক অনুরাগ বলেন, ‘শুটিং-পরবর্তী কাজে আমি ব্যস্ত হয়ে পড়ায় ছবির ট্রেলার নিয়ে কাজ করার সময় পাচ্ছিলাম না। আমি নিরুপায় দেখে রণবীর সব কাজ ফেলে নিজ উদ্যোগে ছবির সব কটি ট্রেলার পরিচালনার দায়িত্ব নেয়। আমি মনে করি, এত অল্প বয়সে এ রকম চরিত্রে অভিনয় করার সাহস এ প্রজন্মের অভিনেতাদের মধ্যে একমাত্র রণবীরেরই আছে।’ ছবির প্রচারণার জন্যও লম্বা সময় দিয়েছিলেন রণবীর। বরফি কনসার্ট করেছেন শহর থেকে শহরে। টিভি, রেডিও চ্যানেলগুলোতে উপস্থিত হয়েছেন। রণবীর বলেন, ‘আমি সবাইকে জানাতে চেয়েছি বরফি কোনো অন্ধকার-বিষাদময় ছবি নয়। এটি একটি মজার ছবি; যে ছবি দেখে দর্শক একই সঙ্গে হাসবে-কাঁদবে। নাগরিক যান্ত্রিকতার মধ্যে বরফি হতে পারে এক পশলা বৃষ্টি।’ রুম্মান রশীদ খানহিন্দুস্তান টাইমস, মিড ডে, টাইমস অব ইন্ডিয়া, টাইমস লাইভ, এনডিটিভি ডট কম অবলম্বনে