বরফেরজাদু, জাদুরবরফ

রাজকন্যা এলসা। অদ্ভুত এক জাদুকরী ক্ষমতা আছে তার। চাইলেই সে তার চেনা পৃথিবীকে ঢেকে দিতে পারে বরফে, তৈরি করতে পারে বরফের চাঁই, কিংবা ছোট্ট কোনো মজার তুষারমানব। তার তৈরি বরফের রাজ্যে খেলে বেড়াত তার ছোট বোন আনা। বরফের দুনিয়ায় তাদের হুটোপুটির দিনগুলো ছিল বেশ মজার।
তবে এর মধ্যে হঠাৎই ঘটে এক দুর্ঘটনা। বরফে খেলার সময় এলসার সামান্য এক ভুলে তার অদ্ভুত সেই শক্তির আঘাতে জীবন বিপন্ন হয়ে পড়ে আনার। সে যাত্রায় আনা বেঁচে গেলেও ভবিষ্যতে যেন আর কোনো বিপদ না ঘটে, সেই জন্য এলসাকে সবার থেকে আলাদা করে রাখা হয়। তবে এলসার বাবা আরেন্ডেল রাজ্যের রাজার বিশ্বাস, নিশ্চয়ই এলসা একদিন তার এ শক্তিকে নিয়ন্ত্রণ করতে শিখবে।
বলছিলাম অ্যানিমেটেড চলচ্চিত্র ফ্রোজেন-এর কাহিনি। ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওস নির্মিত ছবিটি এ বছর অস্কার জিতেছে অ্যানিমেটেড চলচ্চিত্র বিভাগে। ছবিটি হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের দ্য স্নো কুইন গল্প অবলম্বনে নির্মাণ করা হয়েছে। এই কাহিনি থেকে অ্যানিমেশন বানানোর ইচ্ছা বহু বছর ধরেই ছিল ওয়াল্ট ডিজনি স্টুডিওসের। আধুনিক দর্শকদের কাছে কীভাবে সেই গল্পটিকে গ্রহণযোগ্য করা যায়, তা নিয়ে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নির্মাণ হলো ছবিটি।

আবার ফিরে আসি ফ্রোজেন-এর কাহিনিতে। এক দুর্ঘটনায় আরেন্ডেল রাজ্যের রাজা-রানি মারা যান। তখনো আড়ালেই ছিল এলসা। তবে যেদিন রাজ্য পরিচালনায় অভিষেক হয়, সেদিন তাকে আসতে হলো সবার সামনে। সেদিনই হঠাৎ ভয়াবহ রূপে প্রকাশ হয়ে পড়ে তার ক্ষমতা। সবাই ভুল বোঝে তাকে। এলসাকে ‘ডাইনি’ অপবাদ দেয় তারা। মন খারাপ করে রাজ্য ছেড়ে, বোনকে ছেড়ে অনেক দূরে চলে যায় এলসা। তবে যাওয়ার সময় তার তোলা তুষারঝড়ে বরফে ঢাকা পড়ে যায় আরেন্ডেল রাজ্য। একমাত্র এলসাই পারবে রাজ্যের এই দুরবস্থা দূর করতে। তাই বোনকে ফিরিয়ে আনার অভিযানে নামে আনা।
কী হয় শেষ পর্যন্ত? জানতে হলে দেখতে হবে ফ্রোজেন। ছবি দেখতে বসে তোমার পরিচয় হবে ছোট্ট তুষারমানব ওলাফ, সাহসী যুবক ক্রিস্টোফ আর তার বুনো হরিণটার সঙ্গেও। কী সব মজার কাণ্ড যে করে তারা, দেখে হেসে লুটোপুটি খাবে!
ছবির পেছনের মজার গল্প বলি শোনো। এলসার তৈরি একটা বরফের প্রাসাদ দেখতে পাবে তোমরা। বরফের প্রাসাদ আসলে কেমন হয়, বুঝতে সত্যিকারের বরফের হোটেলে গিয়েছিলেন ছবিটির নির্মাতারা। তবে সেখানে এতটাই ঠান্ডা ছিল যে তাঁরা কেউই একটি সম্পূর্ণ রাত থাকতে রাজি হননি! আবার এলসার জাদুতে তুষার পড়ার দৃশ্যগুলোকে বাস্তব রূপ দিতে তাঁরা ‘ডক্টর স্নো’ হিসেবে পরিচিত একজন বিজ্ঞানীর সহযোগিতা নেন। আণবিক স্তরে বরফকণা কেমন হয়, তার কাছ থেকে তাও জেনে নেন তাঁরা।
এতসব কাণ্ড ছবিটির দর্শকদের জন্য। আর অ্যানিমেশন ছবির সবচেয়ে বড় দর্শক তোমরা। কী, দেখেছ তো?