
বরিশালে প্রথমবারের মতো আন্তর্জাতিক নাট্যোৎসবের উদ্বোধন হলো। গতকাল শুক্রবার অশ্বিনীকুমার হলে আয়োজিত এই উৎসবের উদ্বোধন করলেন বিশ্ব নাট্য সংস্থা (আইটিআই) বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ। উৎসবের আয়োজক শব্দাবলী গ্রুপ থিয়েটার। বাংলাদেশের প্রথম স্টুডিও থিয়েটার প্রতিষ্ঠা করে শব্দাবলী। তারই ২৫ বছর পূর্তি উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়েছে।
শব্দাবলী স্টুডিও থিয়েটার এবং অশ্বিনীকুমার হলে একযোগে চলবে নাটক প্রদর্শনী। উৎসবে ভারতের দুটি নাট্য সংগঠনের তিনটি, ঢাকাসহ দেশের অন্য বিভাগের আটটি নাট্য সংগঠন এবং স্থানীয় দুটি দলের তিনটি নাটক মঞ্চস্থ হবে। নাট্যদলগুলো হলো ভারতের বিহারের দ্য ফ্যাক্ট আর্ট অ্যান্ড কালচারাল সোসাইটি, কলকাতার অলটারনেটিভ লিভিং থিয়েটার, ঢাকার লোকনাট্য দল, প্রাচ্যনাট, জেন্টেলম্যান প্যান্টোমাইম, বাঙলা থিয়েটার, শব্দ নাট্যচর্চা কেন্দ্র, নাট্যধারা, যশোরের বিবর্তন। এ ছাড়া বরিশালের পঞ্চসিঁড়ি গ্রুপ থিয়েটার ও শব্দাবলী গ্রুপ থিয়েটার নাটক মঞ্চায়ন করবে।
উদ্বোধক নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘আমরা রক্ত দিয়েছি। দেশ স্বাধীন হয়েছে। এর পেছনে মূলত সাংস্কৃতিক আন্দোলন ছিল। বাহান্ন থেকে চৌষট্টি পর্যন্ত এবং ছেষট্টিতে ছয় দফার আন্দোলনে মূল প্রেরণা জুগিয়েছে সাংস্কৃতিক আন্দোলন। এ জন্য নাটক এবং সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে।’
শব্দাবলীর কর্ণধার সৈয়দ দুলাল সবাইকে শুভেচ্ছা জানান। উৎসবটি শেষ হবে ২২ জানুয়ারি।