বরিশালে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব
ঢাকার পর এবার চিলড্রেনস ফিল্ম সোসাইটি আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে বরিশালে। অশ্বিনীকুমার টাউন হলে আজ বিকেলে তিন দিনের এ উৎসবের উদ্বোধন করবেন আলী যাকের। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে দেখানো ছবিগুলোর মধ্য থেকে নির্বাচিত কয়েকটি থাকছে বরিশালের উৎসবে।উৎসবের পরিচালক মোরশেদুল ইসলাম বললেন, ‘এরই মধ্যে খুলনায় এ ধরনের একটি উৎসব আয়োজন করেছি। ২২ মার্চ রাজশাহীতে এবং ২৬ মার্চ চট্টগ্রামে আরও দুটি উৎসব অনুষ্ঠিত হবে। প্রতিটি উৎসব হবে তিন দিনের।’এ উৎসবের স্লোগান হলো ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’।এ ধরনের উৎসব আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, ‘শুধু ঢাকায় নয়, আমরা চাই, সারা দেশের শিশু-কিশোরেরা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ছবিগুলো দেখুক। আমরা একে বলছি ভ্রাম্যমাণ শিশু চলচ্চিত্র উৎসব।’উৎসবে ছয়টি দেশের ১৩টি শিশুতোষ চলচ্চিত্র দেখানো হবে। ছবিগুলোর মধ্যে থাকছে পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র।উৎসবের সমন্বয়ক শেখ সাজিদ বলেন, ‘সিডর, ঘূর্ণিঝড়সহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগে প্রায় প্রতিবছরই বিপর্যস্ত হয় এ জনপদ। তাই এসব দুর্যোগময় পরিস্থিতিতে আমাদের কী করতে হবে এবং শিশুরা কীভাবে তা থেকে নিজেদের রক্ষা করতে পারে, এমন কিছু তথ্যচিত্র নিয়ে প্রদর্শন করা হবে উৎসবে।’উৎসবের প্রদর্শনীগুলো শিশুদের জন্য উন্মুক্ত।