বরিশালে জীবনানন্দ-বন্দনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবি জীবনানন্দ দাশের ১১৬তম জন্মদিন উপলক্ষে গতকাল বরিশাল নগরের অশ্বিনীকুমার হলে জীবনানন্দ উৎ​সবে শিল্পীদের নৃত্য পরিবেশনা l ছবি: প্রথম আলো
কবি জীবনানন্দ দাশের ১১৬তম জন্মদিন উপলক্ষে গতকাল বরিশাল নগরের অশ্বিনীকুমার হলে জীবনানন্দ উৎ​সবে শিল্পীদের নৃত্য পরিবেশনা l ছবি: প্রথম আলো

জন্মদিনে যেন কবিতার শহর বরিশালে ফিরে এলেন জীবনানন্দ দাশ। গতকাল কবির ১১৬তম জন্মদিনে তাঁর শরীরী উপস্থিতি হয়তো ছিল না, কিন্তু এ শহরে দিনমান ছিল বর্ণিল আয়োজনে জীবনানন্দ-বন্দনা।
কবির জন্মদিন উপলক্ষে পৈতৃক বাড়ি জীবনানন্দ দাশ সড়কের স্মৃতি মিলনায়তন ও অশ্বিনীকুমার হল ছিল বিশিষ্টজনদের পদচারণে মুখরিত। রূপসী বাংলার কবিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই ছিল মূল উদ্দেশ্য।
কাল সবকিছুই ছিল কবিকে ঘিরে। কবির উপন্যাস, কাব্যগ্রন্থ নিয়ে আলোচনা, আবৃত্তি ও গানের সঙ্গে নৃত্য পরিবেশনের মাধ্যমে কবিকে উপস্থাপন করা হয়।
বিকেলে অশ্বিনীকুমার হলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় তিন দিনের জীবনানন্দ উৎসব। সরকারিভাবে প্রথমবারের মতো এই উৎসব হচ্ছে। উৎসব উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. গাউস। জেলা প্রশাসক মো. শহীদুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জিয়াউল হক, ব্রজমোহন কলেজের অধ্যক্ষ এম ফজলুল হক, জীবনানন্দ উৎসবের সমন্বয়ক অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য নাট্যজন সৈয়দ দুলাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল ঘোষ, ব্রজমোহন কলেজের বাংলার শিক্ষক দেবাশীষ হালদার প্রমুখ। জীবনানন্দ দাশের কবিতা আবৃত্তি করেন আজমল হোসেন, ইমানুল হাকিম ও ঝুমু কর্মকার।

ছিল কবির লেখা ‘আবার আসিব ফিরে’র সঙ্গে নৃত্য পরিবেশন। এরপর ‘জীবনানন্দ হয়ে সংসারে আজো আমি’ গানে কণ্ঠ মেলান শিল্পীরা।

এর আগে সকাল নয়টায় জীবনানন্দ দাশ স্মৃতি মিলনায়তনে কবির প্রতিকৃতিতে ফুল দেয় জাতীয় কবিতা পরিষদ। পরিষদের বরিশাল শাখার সভাপতি কবি তপংকর চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত কবিমেলায় আলোচনা করেন কবি অরূপ তালুকদার, পার্থ সারথি, আসমা চৌধুরী, মুকুল দাস, মোশতাক আল মেহেদী প্রমুখ। কবিতা পাঠ করেন শোভন কর্মকার, সিয়ামুল হায়াত, আতিকুর রহমান, অনিন্দ্য দ্বীপ।
অগ্নিদগ্ধদের পাশে
ধানমন্ডির গ্যালারি চিত্রকের উঠানে তখন সন্ধ্যা। চোখে পড়ল সুশোভিত হলুদ ফুলে আচ্ছন্ন গাছটি, এরপর দেয়ালের ব্যানারে আঁকা কালো থাবা। সেটার ভেতরে লেখা ‘মানবতার পক্ষে সহিংসতার বিরুদ্ধে চিত্রকর্ম’।
গতকাল মঙ্গলবার সন্ধ্যার খানিক আগে জায়গাটা দর্শকে ভরে গেলে উপস্থিত হন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি উদ্বোধন করেন চিত্র প্রদর্শনী। আনুষ্ঠানিকতার শুরুতেই শিল্পী মো. মনিরুজ্জামান জানিয়ে দিয়েছিলেন, আজ থাকবেন না কোনো সভাপতি বা প্রধান অতিথি। প্রদর্শিত হবে দেশের খ্যাতিমান ৫০ জন শিল্পীর ৫০টি ছবি। ছবি বিক্রি থেকে প্রাপ্ত অর্থ তুলে দেওয়া হবে অবরোধের নামে চলমান সহিংসতায় অগ্নিদগ্ধদের পরিবারের হাতে। যৌথভাবে এ আয়োজনটি করেছে ‘বৃত্তান্ত ৭১’ ও ‘গ্যালারি চিত্রক’। আনুষ্ঠানিকতা রক্ষায় মঞ্চে এ নিয়ে কিছু কথা বললেন শিল্পী শাহাবুদ্দিন আহমেদ, বৃত্তান্ত ৭১-এর সভাপতি মুহাম্মদ তানভীর, খালিদ মাহমুদ চৌধুরী ও কয়েকজন।
আসাদুজ্জামান নূর ছলছল চোখে বললেন, ‘আমরা চাই সহিংসতা বন্ধ হোক। দেশের দুর্দিনে সব সময় শিল্পীরাই আগে এগিয়ে এসেছেন, আজও এলেন।’
অতিথিদের সঙ্গে গ্যালারিতে গেলেই চোখ আটকে যাবে শিল্পী রফিকুন নবীর একটি ছবিতে। তাতে একজন টোকাই বালক একঝাঁক কাককে খেতে দিচ্ছে তার টোকানো খাবার! বিভিন্ন মাধ্যমে আঁকা প্রদর্শনীর ছবিগুলোতে সহিংসতার বিরুদ্ধে শিল্পীদের অবস্থানই প্রাধান্য পেয়েছে।
তানভীর জানালেন, ২৭ ফেব্রুয়ারি ছবি বিক্রির অর্থ হস্তান্তর করা হবে। প্রধানমন্ত্রীর সাহায্য যারা পায়নি, এ অর্থ দেওয়ার ক্ষেত্রে তাদেরই প্রাধান্য দেওয়া হবে।
প্রদর্শনীটি চলবে আজ ও কাল সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত।