বরিশাল অফিস জানায়, গতকাল সোমবার বিকেলে নগরের উত্তর মল্লিক রোডে উদীচী ভবনে উদীচী ও বরিশাল নাটক যৌথভাবে নজরুলের জন্মজয়ন্তী উদ্যাপন করে। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সংসদের সভাপতি বিশ্বনাথ দাস মুনশীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানবেন্দ্র বটব্যাল, আক্কাস হোসেন, নারায়ণ সাহা, মুকুল দাস, আজমল হোসেন ও পাপিয়া জেসমিন।
বক্তারা বলেন, নজরুল কোনো বিশেষ সম্প্রদায় বা জাতির কবি নন। নজরুল বিশ্বমানবতার কবি। যে মানুষটি হিন্দু-মুসলমানের মধ্যে সৃষ্ট গালাগালকে গলাগলিতে রূপ দিতে চেয়েছেন, তাঁকে নিয়ে টানাটানি বন্ধ হওয়া দরকার। অনেক সময় নজরুলচর্চায় খণ্ডিত নজরুলকে উপস্থাপন করা হয়। এই ধারার পরিবর্তন হওয়া একান্ত জরুরি। একই সঙ্গে দরকার নজরুলচর্চায় তরুণ প্রজন্মের এগিয়ে আসা।
আলোচনার পর নজরুলের কবিতা আবৃত্তি করেন বরিশাল নাটকের আবৃত্তি প্রশিক্ষণকেন্দ্রের শিক্ষার্থীরা। উদীচীর নৃত্য বিভাগের শিল্পীরা পরিবেশন করেন নৃত্য। পরিবেশিত হয় নজরুলের বিভিন্ন পর্যায়ের লেখা গান।
সন্ধ্যায় অশ্বিনীকুমার হলে জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমী আয়োজন করে আলোচনা, সংগীত ও নৃত্যানুষ্ঠান।