বরিশালে রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা
শুক্রবার ছুটির দিন সকাল থেকেই নগরের অশ্বিনীকুমার হল চত্বর উৎসবমুখর হয়ে উঠেছিল রবীন্দ্রসংগীতশিল্পী ও সংগঠকদের সম্মিলনে। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় বরীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের বরিশাল জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনের দিনব্যাপী কার্যক্রম। উদ্বোধন করবেন প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল সেন। এরপর সারা দিন চলতে থাকে রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা, প্রশিক্ষণ ও দ্বিবার্ষিক সম্মেলনের সাংগঠনিক কার্যক্রম। ‘ভয় হতে তব অভয় মাঝে..’, ‘একি সুন্দর শোভা’, ‘নয় নয় নয় এ মধুর খেলা’, ‘জয় তব বিচিত্র আনন্দ হে কবি’, ‘কোন পুরাতন প্রাণের টানে’, ‘শীতের হাওয়ার লাগল নাচন’, ‘আজি ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায়, এলো যে শীতের বেলা’, প্রতিযোগীদের সুললিত কণ্ঠে গাওয়া এসব গানে গানে সুরময় ছিল পরিবেশ। প্রতিযোগীদের সঙ্গে আসা অভিভাবক ও বিপুলসংখ্যক শ্রোতা অনুষ্ঠান উপভোগ করেন।প্রতিযোগিতায় কিশোর বিভাগে প্রথম হয় ঐন্দ্রিলা কর্মকার। দ্বিতীয় তৃষা দাস, ফৌজিয়া বিনতে মাসুদ এবং শতধা চক্রবর্তী। তৃতীয় আবীর মজুমদার। অন্যদিকে সাধারণ বিভাগে প্রথম হয়েছে সৈয়দা নওশভা, দ্বিতীয় সুমা সাহা এবং তৃতীয় অনুসুয়া কর্মকার। সন্ধ্যা ছয়টায় প্রতিযোগিতায় বিজয়ীদের সনদ ও পুরস্কার প্রদান করা হয়। এরপর ছিল বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান গুণীজন সম্মাননা। দক্ষিণাঞ্চলের উচ্চাঙ্গসংগীত বিশেষজ্ঞ ওস্তাদ সন্তোষ কর্মকারকে সম্মাননা প্রদান করা হয়। রাত আটটায় শুরু হয় সাধারণ সভা ও সম্মেলন।