বরিশালে রবীন্দ্রসংগীত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
‘আমার বিচার তুমি কর তব আপন করে’, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো’, ‘সকাল সাঁঝে ধায় যে ওরা’, ‘আয় আমাদের অঙ্গনে’, ‘বসন্ত কি শুধু’, ‘তোর আপনজনে ছাড়বে’, ‘তোমার প্রেমে ধন্য করো যারে’ এমন নানা পর্যায়ের রবীন্দ্রসংগীত শেখানোর মধ্য দিয়ে বরিশালে শেষ হয়েছে দুই দিনের রবীন্দ্রসংগীত প্রশিক্ষণ কর্মশালা। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ বরিশাল শাখার আয়োজনে দুই দিনের এই প্রশিক্ষণ কর্মশালায় সাধারণ ও কিশোর বিভাগের ১০১ শিক্ষার্থী কর্মশালায় অংশ নেয়। গতকাল শনিবার সন্ধ্যা ছয়টায় প্রথম আলো বরিশাল আঞ্চলিক কার্যালয়ে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।দুই দিনের কর্মশালায় জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নীলোৎপল সাধ্য, সুমা রানী রায়, সুকান্ত চক্রবর্তী প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। সনদপত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ বরিশাল শাখার সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শামীমা মাসউদ, কাজল ঘোষ, মুকুল দাস প্রমুখ। গত শুক্রবার সকালে ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ এই গানের মধ্য দিয়ে প্রদীপ প্রজ্বালন করে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন।