বরিশালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক নাট্যোৎসব। দেশের ও দেশের বাইরের ১৪টি নাটক নিয়ে এ উৎসবের উদ্বোধন হবে ১৫ জানুয়ারি।
গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় শব্দাবলী স্টুডিও থিয়েটার মঞ্চে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাট্যোৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক নাট্যজন সৈয়দ দুলাল বলেন, ২৫ বছর আগে বাংলাদেশে প্রথম স্টুডিও থিয়েটার মঞ্চ প্রতিষ্ঠা হয় বরিশালে। স্টুডিও থিয়েটারের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে বছরব্যাপী অনুষ্ঠানমালা। আর এর প্রথম ধাপে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক নাট্যোৎসব। স্টুডিও থিয়েটার এবং অশ্বিনীকুমার হলে একযোগে চলবে নাটক প্রদর্শনী।
উৎসবে ভারতের দুটি নাট্য সংগঠনের তিনটি, ঢাকাসহ দেশের অন্য বিভাগের আটটি নাট্য সংগঠন এবং স্থানীয় দুটি দলের তিনটি নাটক মঞ্চস্থ হবে। উৎসবে কলকাতার দ্য আর্ট আ কালচারাল সোসাইটি, অল্টারনেটিভ লিভিং থিয়েটার অংশ নেবে।