বরিষ ধরা-মাঝে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লিতে আমি এর আগে বহুবার গিয়েছি। কিন্তু এবার মনটা ভরে গেল। দিল্লি শহরজুড়েই সাজসাজ রব। আর এবার দিল্লি সেজেছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী এবার বাংলাদেশ ও ভারত যৌথভাবে উদযাপন করছে। রবীন্দ্রনাথকে ঘিরে ওখানকার মানুষের মধ্যেও দারুণ আগ্রহ লক্ষ করলাম।আরও একটা ব্যাপার আমার ভালো লেগেছে, সাধারণত ভারত থেকেই আমাদের দেশে শিল্পীরা গান করতে বেশি আসেন। এখন চিত্রটা একেবারে উল্টো হয়ে গেছে। বাংলাদেশের অনেক শিল্পীকে এবার ভারত সরকার গান করার জন্য আমন্ত্রণ জানিয়েছে। বাংলাদেশে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করা হলো শুক্রবার, আর ভারতে শনিবার।শনিবার সকালে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে জন্মবার্ষিকীর আয়োজন উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। বাংলাদেশ থেকে গিয়েছিলেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। ছিলেন সোনিয়া গান্ধী, প্রণব মুখার্জিসহ আরও অনেকে। উদ্বোধনী অনুষ্ঠানে আমি গেয়েছিলাম ‘বরিষ ধরা মাঝে’ গানটি। অনুষ্ঠানের শেষে মনমোহন সিং ও সোনিয়া গান্ধীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়। তাঁরা আমাদের চায়ের আমন্ত্রণ জানান। বিকেলে অনুষ্ঠান হলো সংগীত নাটক একাডেমীতে। এখানে প্রথম দিন আমার সঙ্গে আরও গান করেছেন ফাহিম হোসেন চৌধুরী ও অদিতি মহসীন। পরদিন গান করেছেন শামা রহমান ও লিলি ইসলাম। বেলায়েত হোসেনের নাচের দল নাচ করেছে। পরদিন ঢাকায় চলে আসি। কিন্তু আবার বিকেলেই ছুটতে হলো কলকাতায়। কারণ ওই দিন কলকাতার বাংলাদেশ উপদূতাবাস, ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে কয়েকজন আমাকে ফোন করলেন। সোমবার কলকাতায় রাষ্ট্রীয়ভাবে রবীন্দ্রনাথের জন্মদিন উদ্যাপন করা হবে। ওখানে আমাকে গান করার জন্য তাঁরা অনুরোধ করেন।সোমবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম কে নারায়ণন আমাদের রাজভবনে দুপুরের খাবারের জন্য আমন্ত্রণ জানান। কলকাতার রাজভবনে এর আগে কখনো যাওয়া হয়নি। ওখানে সেদিন বিশিষ্ট কয়েকজনকে আমন্ত্রণ জানিয়েছিলেন রাজ্যপাল। সোমবার বিকেলে সায়েন্স সিটিতে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীর আয়োজন উদ্বোধন করেন রাজ্যপাল এম কে নারায়ণন। উপস্থিত ছিলেন বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। সেদিন মঞ্চে রাজ্যপালের পাশে সৌমিত্র চট্টোপাধ্যায়, শঙ্খ ঘোষ ও শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে আমিও ছিলাম। কলকাতার অনুষ্ঠানে গান গেয়েছিলাম আমি আর ফাহিম হোসেন চৌধুরী। আরও গান করেছেন মোহন সিং ও প্রমিতা মল্লিক। মিনু হকের পরিচালনায় ঢাকার একটি দল নাচ করেছে। পরের দিনগুলোতে বাংলাদেশের আরও কয়েকজন শিল্পী গান করবেন। মঙ্গলবার দেশে ফিরে আসার সময় রাজভবনের কয়েক মুহূর্তের কথা বারবার মনে পড়ছিল। রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁরা আমাকে যে সম্মান জানিয়েছে, তাতে মুগ্ধ হয়েছিলাম। ব্যাগে ক্যামেরা ছিল। কিন্তু তখন একটিবারের জন্যও ছবি তোলার কথা মনে হয়নি। পরে ভাবলাম, রাজভবনে কয়েকটা ছবি তুললে ভালোই হতো, সংগ্রহে রাখা যেত।