বরুণের নায়িকা প্রমা

সত্যজিৎ রায়ের সীমাবদ্ধ ছবিতে তিনি অভিনয় করেছেন সেই ১৯৭১ সালে। ২০১৪ সালে সৃজিত মুখার্জির চতুষ্কোণ-এও দেখা গেছে তাঁকে। মাঝে অনেকগুলো ছবিতেই তাঁর প্রাণবন্ত অভিনয় দেখেছেন দর্শকেরা। বলছি বরুণ চন্দর কথা। গত মাসের মাঝামাঝি সময়ে উড়ে এসেছিলেন নিজের পিতৃভূমি বাংলাদেশে, শামীম আখতারের নতুন ছবি রিনা ব্রাউন-এ অভিনয় করতে। তাঁর বিপরীতে অভিনয় করেছেন শামীম আখতারের মেয়ে প্রমা উর্বী পাবনী।
অভিনয়ের জন্য বরুণের সঙ্গে তাল মিলিয়ে প্রমাকেও সাজতে হয়েছে ষাটোর্ধ্ব এক নারীর বেশে। তিন দিন ধরে তেজগাঁও লিংক রোডের একটি রেস্তোরাঁয় হয়েছে এই ছবির শুটিং।
বরুণের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে প্রমা বলেন, ‘এটা আমার জন্য সত্যিই দারুণ এক অভিজ্ঞতা। উনি এত বড় মাপের অভিনেতা, কিন্তু সেই অহংকার তাঁর মধ্যে নেই। তিনি অনেক সাবলীল অভিনেতা। সেরাটা না হওয়া পর্যন্ত কোনো ছাড় দিতেন না। আমি যেহেতু বয়সী একটি চরিত্রে অভিনয় করেছি, সেহেতু শুরুতে একটু আড়ষ্ট লাগছিল। পরে তিনিই পরামর্শ দিয়েছেন। বলেছেন, “তুমি অ্যাক্টিং কোরো না। তুমি স্বাভাবিকভাবে চরিত্রে ঢুকে যাও।” তাঁর সহযোগিতা নিয়েই কাজটি করেছি।’
রিনা ব্রাউন ছবির নাম–ভূমিকায় অভিনয় করেছেন প্রমা। তরুণ ও বৃদ্ধ—দুই সময়ের দুই চরিত্রেই দেখা যাবে তাঁকে।
ছবিটি নিয়ে শামীম আখতার বলেন, ‘বরুণের অংশের কাজ শেষ। বাকি কাজ শুরু হবে এ মাসের মাঝামাঝি।’
শামীম আখতার এর আগে ইতিহাস কন্যা ও শিলালিপি নামে দুটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। দুটি ছবিতেই অভিনয় করেছেন তাঁর মেয়ে প্রমা। এ ছাড়া প্রমা জনপ্রিয় ধারাবাহিক নাটক বন্ধন-এ তিতির চরিত্রে অভিনয় করেছিলেন।