
২০১২ সাল। সিদ্ধার্থ-বরুণ-আলিয়া তিনজনই ভর্তি হয়েছেন বলিউডে নিজেদের ফিতে কাটা প্রজেক্টে। প্রশিক্ষক যখন করণ জোহর, তখন পাস করার গ্যারান্টি নেই তাই কি হয়? করণ জোহর বলিউডের এই তিন নতুন ছাত্রকে নিয়েই বানালেন স্টুডেন্ট অব দ্য ইয়ার। ছবির নামের মতো কাজও করে দেখালেন করণের এই তিন ‘স্টুডেন্ট’। বক্স অফিসে ধুন্ধুমার ব্যবসা করল ছবিটি। প্রশংসিত হলো সবার অভিনয়। বলিউড নামক স্কুলের অভিষেক শ্রেণীর সেরা ছাত্র হিসেবে তিনজনের কপালেই জুটল ফিল্মফেয়ারে নমিনেশন। কিন্তু ফিল্মফেয়ারে সেরা নবাগত অভিনেতা-অভিনেত্রী ক্যাটাগরির সেই পুরস্কারটি অবশেষে যায়নি কারোর হাতেই। পুরস্কার জোটেনি তাতে কি? স্টুডেন্ট অব দ্য ইয়ার-এর সেই তিন স্টুডেন্ট অভিনয় দিয়েই দর্শকের মন জয় করতে চান। এক বছর বিরতি দিয়ে তিনজনই ফিরেছেন এ বছর নিজেদের দ্বিতীয় ছবি নিয়ে। সম্প্রতি মুক্তি পেয়েছে সিদ্ধার্থ মালহোত্রার হাসি তো ফাঁসি এবং আলিয়া ভাটের হাইওয়ে। বক্স অফিস সাফল্য এবং দর্শক-সমালোচকের প্রশংসা দুই-ই অর্জন করে নিজেদের যোগ্যতা নতুন করে প্রমাণ করেছেন তাঁরা দুজন। এবার ডেভিড ধাওয়ান-পুত্র বরুণের হিরোগিরি দেখানোর পালা।
গত সপ্তাহেই মুক্তি পেয়েছে বরুণ ধাওয়ানের ক্যারিয়ারের দ্বিতীয় ছবি ম্যায় তেরা হিরো। এ ছবির মাধ্যমেই বরুণ একক নায়ক হিসেবে পর্দায় এলেন। বরুণের বিপরীতে এ সময়ের দুই নায়িকা ইলিয়েনা ডি’ক্রুজ ও নার্গিস ফাখরি। মুম্বাইয়ের মেয়ে হলেও ইলিয়েনার অভিনয়ের শুরুটা তামিল, তেলেগু সিনেমার জগতেই। গত ছয়-সাত বছরে অনেক দক্ষিণী সিনেমায় অভিনয় করেছেন তিনি। দক্ষিণী ছবির সেই অর্জিত খ্যাতি, জনপ্রিয়তা আর সাফল্য পুঁজি করে বলিউডে পা রেখেই বাজিমাত। অভিষেক ছবি বরফিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন ইলিয়েনা। অন্যদিকে বলিউডে নিজের সিনেমাটিক অভিযাত্রায় ইমতিয়াজ আলীর রকস্টার ছবিতে রণবীর কাপুরের বিপরীতে অভিনয়ের মাধ্যমে প্রশংসিত হন নার্গিস ফাখরি। গেল বছরের অন্যতম আলোচিত ছবি মাদ্রাজ ক্যাফেতে অভিনয়ের পর সেই প্রশংসার তালিকাটা আরেকটু লম্বাই হয়েছে আধা আমেরিকান আধা পাকিস্তানি এই মডেল-কাম-অভিনেত্রীর। দুই নায়িকার জন্যই বলিউডে এটি তৃতীয় প্রজেক্ট এবং দুই সুন্দরীর কাছেই বরুণ তাঁদের হিরো। আর বরুণেরও হিরোগিরি দুজনের সঙ্গেই অর্থাৎ ছবির গল্প সেই ত্রিভুজ প্রেমের পুরোনো ছকেই তৈরি। তবে ছোট ছেলে বরুণের এই ছবিটি দিয়েই নিজের মরচে ধরা ক্যারিয়ার নতুন করে চাঙা করতে চান একসময়ের ‘কমেডি ছবির রাজা’ জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক ডেভিড ধাওয়ান। গোবিন্দ, সালমান খানের সঙ্গে তাঁর জুটি সব সময়ই হিট ছিল। এই প্রথম তাঁর ছেলে বরুণকে পরিচালনা করলেন তিনি। ৪০ কোটি রুপি বাজেটে তৈরি ছবিটির বক্স অফিস সংগ্রহ অবশ্য বাপ-বেটা দুজনের জন্যই ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে। মুক্তির প্রথম দুই দিনে ছবিটি ভারতীয় বক্স অফিস থেকে আয় করে ফেলেছে সাড়ে ১৪ কোটি রুপি। গত বছরের সারপ্রাইজ হিট চাশমে বুদ্দর ছবির পর ডেভিড ধাওয়ান আবারও একটি হিট ছবি উপহার দেবেন বলে আশা করা হচ্ছে। ভারতের বেঙ্গালুরু, ব্যাংকক ও লন্ডনের বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে তেলেগু সুপার হিট কান্ডিরিগার অফিশিয়াল রিমেক এই ছবিটি।
ছবিটি নিয়ে ব্যাপক আশাবাদী বরুণ নিজেও। বরুণ বলেন, ‘অর্থ-যশ-খ্যাতিকে আমি প্রাধান্য দিই না। মানুষকে বিনোদিত করাই আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি আমার বাবাকে অর্থ ও খ্যাতি পেতে দেখেছি। কিন্তু আমি আমার বাবার মতো দর্শকের প্রশংসাও পেতে চাই।’ ম্যায় তেরা হিরো ছবির সংগীতায়োজন করেছেন সাজিদ-ওয়াজিদ। এ মুহূর্তে বরুণ প্রথম ছবির নায়িকা আলিয়া ভাটের সঙ্গে করণ জোহর প্রডাকশনের হাম্পটি শর্মা কি দুলহানিয়া এবং শ্রদ্ধা কাপুরের সঙ্গে রেমো ডি সুজার এবিসিডি টু ছবিতে কাজ করছেন।
সাজিদুল হক
টাইমস অব ইন্ডিয়া, বলিউড হাঙ্গামা, ইন্ডিয়ান এক্সপ্রেস, উইকিপিডিয়া অবলম্বনে