বরেণ্য নির্মাতা ফেদেরিকো ফেলিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বচলচ্চিত্রে ইতালি একটি বিশেষ স্থান দখল করে আছে। সেই ইতালির অন্যতম শ্রেষ্ঠ তিনজন চলচ্চিত্রকারের একজন ফেদেরিকো ফেলিনি (অন্য দুজন—ভিত্তোরিও ডি সিকা ও মাইকেল এঞ্জেলা আন্তনিওনি)। শুধু ইতালিতে নয়, বিশ্বের সর্বকালের সেরা চলচ্চিত্রকারের তালিকায়ও তাঁদের নাম রয়েছে। ফেলিনির সঙ্গে নিজের তুলনা করতে গিয়ে বার্গম্যান বলেছেন, ‘চলচ্চিত্রজগতের দরজার মধ্যে আর ঢুকতে পারলাম কোথায়। ফেলিনি আর কুরোসাওয়া পেরেছে। আমি দরজার বাইরেই চিরকাল দাঁড়িয়ে রইলাম।’ কিন্তু ফেলিনি তাঁর নিজের সম্পর্কে বা নিজের নির্মিত ছবি সম্পর্কে কখনোই উচ্চবাচ্য করেননি। এ ক্ষেত্রে বরং উল্টোটাই লক্ষ করা গেছে। এ সম্পর্কে তাঁর নিজের মন্তব্যটা এ রকম: ‘চলচ্চিত্র আমার জন্য নয়। আমার মধ্যে সামঞ্জস্য, ডিটেলের প্রতি মনোযোগের ক্ষমতা, অবিশ্রাম নিজেকে ক্ষয় করার শক্তি—এসবের অভাব রয়েছে। সবচেয়ে বেশি অভাব কর্তৃত্বের। আমি শিশুর মতো নিরীহ, নিঃসঙ্গ, অত্যন্ত ভাবপ্রবণ এবং লাজুক। ছবির পরিচালককে হতে হয় জাহাজের ক্যাপ্টেনের মতো। আমি তেমন নই।...’নিজের সম্পর্কে যিনি এমন ধারণা পোষণ করতেন, তাঁর অর্জন বিশ্বের অনেক বিখ্যাত চলচ্চিত্রকারের কাছেই ঈর্ষণীয়। ফেলিনি ১২ বার অস্কারের জন্য মনোনীত হয়ে চারবার তা জয় করেন। এ ছাড়া তিনি আরও ৫১টি আন্তর্জাতিক পুরস্কার জয় করেন এবং ১০টির জন্য মনোনয়ন পান। ১৯৯২ সালে তাঁকে আজীবন সম্মাননা (অস্কার) প্রদান করা হয়।অনেক চলচ্চিত্রবোদ্ধা ও সমালোচকের মতে, ফেদেরিকো ফেলিনিকে বুঝতে হলে তাঁর অন্যতম প্রধান সৃষ্টি এইট অ্যান্ড হাফ দেখতে হবে। ছবিটি সম্পর্কে ফেলিনি নিজে বলেন, ‘এইট অ্যান্ড হাফ ছবিতে জীবনের সঙ্গে একটা বোঝাপড়ার চেষ্টা আছে, তা হলো নিজের সঙ্গে মেকি-ভদ্রতাহীন, সম্পূর্ণ নির্ভয়, দ্বিধাহীন ও নিঃস্বার্থ যোগসাধন। নানা রকম বাঁধন থেকে প্রতিনিয়ত মুক্ত হতে চাওয়া, যেমন এই ছবির প্রধান চরিত্র চলচ্চিত্র নির্মাতা গুইডো চাইছে। হ্যাঁ, আমিই সেই গুইডো।’এএফআই (আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট) এবং টাইম ম্যাগাজিনসহ বিশ্ববিখ্যাত অনেক চলচ্চিত্র প্রতিষ্ঠান, সংগঠন ও পত্রিকা কর্তৃক নির্বাচিত সর্বকালের সেরা ১০০ ছবির তালিকায় ফেলিনির একাধিক ছবি স্থান পেয়েছে।বিশ্ববিখ্যাত এই চলচ্চিত্রকার ১৯২০ সালের ২০ জানুয়ারি ইতালির রিমিনিতে জন্মগ্রহণ করেন। তিনি মৃত্যুবরণ করেন ৩১ অক্টোবর ১৯৯৩ সালে, ইতালির রাজধানী রোমে। ফেলিনির বেশ কিছু ছবি বিভিন্ন চলচ্চিত্র সংগঠন কর্তৃক আয়োজিত বাংলাদেশের একাধিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। তা ছাড়া বিভিন্ন দূতাবাস, সাংস্কৃতিক ও চলচ্চিত্রকেন্দ্রে প্রায়ই তাঁর ছবি প্রদর্শিত হয়। ঢাকার অনেক সিডির দোকানে তাঁর নির্মিত কিছু ছবির ডিভিডি যেমন পাওয়া যায়, তেমনি কিছু বইয়ের দোকানেও পাওয়া যায় তাঁর লেখা ও তাঁর সম্পর্কে লেখা কিছু বই।ফেলিনির উল্লেখযোগ্য ছবি লা স্ত্রাদা (১৯৫৭) দ্য নাইটস অব ক্যারিবিয়া (১৯৫৭) লা দোলচে ভিতা (১৯৫৯) জুলিয়েট অব দ্য স্পিরিটস (১৯৬৫) ফেলিনি স্যাটারিকন (১৯৬৯) অ্যামার কর্ড (১৯৭৩) এইট অ্যান্ড হাফ (১৯৬৩) ফেলিনিস ক্যাসানোভা (১৯৭৬) রোমা (১৯৭২) দ্য সিটি অব উইমেন (১৯৭৯) আশরাফুল হক