বর্ণমেলার তারার মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে প্রথম আলো আয়োজন করেছে বর্ণমেলা। ঢাকার ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে, চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয় ও রাজশাহীর কলেজিয়েট স্কুল ও কলেজ মাঠে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এই উৎসব। দেশবরেণ্য বুদ্ধিজীবী ও সাহিত্যিকদের পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেবেন সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীরা। তিনটি অঞ্চলের অনুষ্ঠানেরই উল্লেখযোগ্য অংশ চ্যানেল নাইন সরাসরি সম্প্রচার করবে।
ঢাকায় সুরের ধারার গানের সঙ্গে হবে উদ্বোধন। এরপর দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন সময়ে বর্ণ মঞ্চে গান পরিবেশন করার কথা, শিল্পী ফরিদা পারভীন ও তাঁর দল অচিন পাখি, মমতাজ, খাইরুল আনাম শাকিল, বাপ্পা মজুমদার, শফি মণ্ডল, কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার, কনা, তপু, কিশোর, দিনাত জাহান মুন্নি, অনিমা রায়, ফকির শাহাবুদ্দিন, অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস ও চিরকুটের। গল্প শোনাবেন মাহমুদা আক্তার। থাকবে আলীরাজের জাদু, জলপুতুলের পাপেট শো, ভঙ্গিমার নৃত্য এবং ভিকারুননিসা নূন স্কুল ও সানিডেল স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনা। বেলা পৌনে দুইটায় মঞ্চে উঠবে সিসিমপুর।
চট্টগ্রাম: চট্টগ্রামের অনুষ্ঠানের বড় আকর্ষণ কুমার বিশ্বজিৎ, সন্দ্বীপন, পুলক, সন্ধি, সভ্যতা, স্বাগতা, হৈমন্তী রক্ষিত, কর্নিয়া, আনিকা, রন্টি দাশ ও রঞ্জন চৌধুরী। এ ছাড়া অনুষ্ঠানের শুরুতেই রক্তকরবী ও অভ্যুদয় সংগীত গোষ্ঠী সমবেত সংগীত পরিবেশন করবে। নৃত্য পরিবেশন করবে প্রাপন একাডেমি। অনুষ্ঠানে মিলি চৌধুরী ও আয়েশা রহমানের একক আবৃত্তি ছাড়াও থাকছে বোধন আবৃত্তি পরিষদের দলীয় আবৃত্তি।
রাজশাহী: রাজশাহীতে এবারই বর্ণমেলার আয়োজন করা হচ্ছে প্রথমবার। গাইবেন ক্লোজআপ তারকা পূর্ণচন্দ্র রায়, পলাশ, আতিক এবং চ্যানেল আই সেরাকণ্ঠ তারকা নদী, লুইপা, মেহেদী ও ইতি। আর মঞ্চ মাতানোর কথা জলের গানের। এ ছাড়া থাকছে স্থানীয় অরুনোদয় সাংস্কৃতিক গোষ্ঠী, রাজশাহী আবৃত্তি পরিষদ এবং গম্ভীরা গাইবেন বকুলের দল। নৃত্য পরিবেশন করবেন ল্যাডলী মোহন মৈত্র ও আলো মৈত্র। এ ছাড়া গাইবেন রেজাউল করিম। উপস্থাপনা করবেন ইমতু।