বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার জাতীয় নাট্যশালায় শুরু হলো নাট্যদল প্রাচ্যনাটের ছয় দিনব্যাপী নাট্যমেলা। মূল মঞ্চের সামনে নাট্যকর্মীদের মায়েরা প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করেন। প্রাচ্যনাটের ১৫ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানমালার শেষ আয়োজন হিসেবে অনুষ্ঠিত হচ্ছে এই নাট্যমেলা।রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করে উদ্বোধনী অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানটি তাঁর স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়।এর পরই ছিল সিএমএ অর্কেস্ট্রা এবং সঞ্জয় চক্রবর্তীর মিলিত সংগীত এবং বিশেষ পরিবেশনা।উদ্বোধনী অনুষ্ঠানে দেশ নাটকের তরুণ নাট্যকর্মী এহসানুল আজিজকে সম্মাননা জানানো হয়। এবং বাংলাদেশে সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় জাপানের হিরোকি ওয়াতানাবে এবং মায়ে ওয়াতানাবেকে সম্মাননা জানানো হয়। এই উৎসবে প্রতিদিনের অনুষ্ঠানে একজন করে তরুণ নাট্যকর্মী এবং একজন বিদেশি নাগরিককে বাংলাদেশ উন্নয়ন কর্মকাণ্ডে অবদান রাখায় সম্মাননা জানানো হবে। এ ছাড়া প্রতিদিনের অনুষ্ঠান উৎসর্গ করা হবে একজন করে প্রয়াত নাট্যকর্মীর স্মৃতির প্রতি। প্রথম দিনের আয়োজন উৎসর্গ করা হয় আরণ্যক নাট্যদলের অকালপ্রয়াত তরুণ কর্মী আমিনুল এহসানের স্মৃতির প্রতি। উদ্বোধনী অনুষ্ঠানের পর ছিল নাট্যাভিনয়। প্রথম দিন ঢাকা থিয়েটার মঞ্চস্থ করে উইলিয়াম শেক্সপিয়রের দি টেম্পেস্ট। নাটকটির নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ।শিশু বইমেলায় জাফর ইকবাল জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত ১০ দিনব্যাপী বইমেলার পঞ্চম দিনে গতকাল এসেছিলেন জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল।প্রিয় লেখকের সান্নিধ্যে শিশুরা চমৎকার সময় কাটিয়েছে। তিনি শিশুদের সঙ্গে গল্প করেছেন, অটোগ্রাফ দিয়েছেন, ছবি তুলেছেন তাদের সঙ্গে। মেলার শহীদ মতিউর মঞ্চে বই পড়ার বিভিন্ন দিক নিয়ে মজার মজার কথা বলে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন তিনি। শিশুদের তিনি বলেন, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম—এসব মহামানবকে আমরা কখনো দেখিনি। কিন্তু তাঁদের বইয়ের মাধ্যমে আমরা সহজেই তাঁদের জানতে পারি। পৃথিবীর বিখ্যাত মানুষদের জানতে হলে বইয়ের কোনো বিকল্প নেই।’ তিনি শিশুদের বিভিন্ন বিষয় নিয়ে কল্পনা করতে বলেন এবং কল্পনাশক্তি বাড়াতে বই পড়ার জন্য উৎসাহিত করেন। এ ছাড়া বাংলা ভাষা ও বাংলাদেশকে কেন আমরা ভালোবাসব—এ বিষয়ের ওপর আলোকপাত করেন ড. বিশ্বজিৎ ঘোষ এবং বই পড়ার বাল্যস্মৃতি নিয়ে কথা বলেন শিশুসাহিত্যিক শাহজাহান কিবরিয়া। আজ শুক্রবার ছুটির দিন মেলা শুরু হবে বেলা ১১টায়, চলবে রাত আটটা পর্যন্ত।সত্তরের সাতসত্তর দশকের সাতজন বিশিষ্ট শিল্পীর শিল্পকর্ম নিয়ে ‘সত্তরের সাত’ শীর্ষক দলগত শিল্পকর্ম প্রদর্শনী শুরু হচ্ছে আজ থেকে ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে। আজ সন্ধ্যা ছয়টায় প্রধান অতিথি হিসেবে নয় দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। বিশেষ অতিথি থাকবেন বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা।প্রদর্শনী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে বেঙ্গল শিল্পালয়ে সংবাদ সম্মেলন ও প্রেস প্রিভিউ অনুষ্ঠিত হয়। সম্মেলনে অংশগ্রহণকারী শিল্পীদের পক্ষে শিল্পী নাসিম আহমেদ নাদভী এবং বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী বক্তব্য দেন। লিখিত বক্তব্য উপস্থাপন করেন বেঙ্গল ফাউন্ডেশনের ব্যবস্থাপক সারোয়ার জাহান।প্রদর্শনীতে সাতজন শিল্পীর আটটি করে মোট ৫৬টি শিল্পকর্ম প্রদর্শিত হবে। অংশগ্রহণকারী শিল্পীরা হলেন আলমগীর হক, ফরিদা জামান, নাইমা হক, নাসিম আহমেদ নাদভী, সাধনা ইসলাম, শওকাতুজ্জামান এবং টি. এ. কামাল কবীর। প্রদর্শনী ৩০ মার্চ প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।ঢাকা আর্ট সেন্টারে রূপশিল্পের দেশআজ থেকে ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে শুরু হচ্ছে ‘রূপশিল্পের দেশ’ নামে শিল্পী সোহেল রানা প্রাণনের দ্বিতীয় একক শিল্পকর্ম প্রদর্শনী। ছয় দিনের এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যলয়ের চারুকলা অনুষদের ডিন শিল্পী সৈয়দ আবুল বারক আলভী, বিশেষ অতিথি থাকবেন শিল্পী জামাল আহমেদ, সভাপতিত্ব করবেন স্থপতি শামসুল ওয়ারেস। প্রদর্শনী খোলা থাকবে ২৭ মার্চ পর্যন্ত বেলা তিনটা থেকে রাত আটটা।শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতাজাতীয় জাদুঘরের শততম প্রতিষ্ঠাবার্ষিকীর দুই বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ জাদুঘর প্রাঙ্গণে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সকাল ১০টায় প্রতিযোগিতা শুরু হবে।