বর্ণিল জগতে ভ্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল শিশু থিয়েটারের অতঃপর: হাট্টিমাটিমটিম নাটকের দৃশ্য
বরিশাল শিশু থিয়েটারের অতঃপর: হাট্টিমাটিমটিম নাটকের দৃশ্য

বাংলাদেশে শিশুদের জন্য নিয়মিত নাটক মঞ্চায়ন একেবারেই হয় না। বিচ্ছিন্নভাবে কোনো কোনো নাট্যদল নাটক মঞ্চায়ন করে থাকে উৎসব বা দিবস সামনে রেখে। যদিও সে নাটক হয়ে থাকে, তার মধ্যে নাটকের বিষয়বস্তু কতটুকু শিশুদের উপযোগী, তাও ভাবার বিষয়। এমনও শিশুনাটক দেখেছি, যার কাহিনি শিশুদের অভিভাবকদের জন্য প্রযোজ্য। মূলত নাটকটি যে উদ্দেশ্যে উপস্থাপন করা অর্থাৎ বিনোদন ও শিক্ষা দুটোর সমন্বয় সাধনে যে নাট্যক্রিয়া শিশুদের আকৃষ্ট করবে, তার মনোজগৎকে ভাবাবে, তা সে ক্ষেত্রে সফল হয় না। যা-ই হোক, এই কথাগুলো বলার কারণ বরিশাল জেলার অত্যন্ত সমৃদ্ধ নাট্যদল ‘শব্দাবলী গ্রুপ থিয়েটার’ পরিচালিত বরিশাল শিশু থিয়েটার প্রযোজিত সাম্প্রতিক প্রযোজনা অতঃপর: হাট্টিমাটিমটিম নাটকটি দেখতে দেখতে মনে হয়েছে, শিশুদের নাটক মানে এই নাটকই উপযুক্ত। মনে হয়েছে, নাট্যকার দেবাশীষ ঘোষ সচেতনভাবেই তাঁর শিশুদের কথা চিন্তা করেই যেন নাটকটি রচনা করেছেন। ইংরেজি মাধ্যম, আকাশ-সংস্কৃতি আর প্রযুক্তির বদৌলতে আমাদের নগরকেন্দ্রিক শিশুরা যে মনোজগতে বাস করে, সেখানে আমাদের শিশুসাহিত্যের কোনো স্থান নেই। অথচ বাংলার শিশুসাহিত্য কত সমৃদ্ধ ও বর্ণিল। এসব শিশুসাহিত্যের চরিত্রগুলোর সঙ্গে পরিচয় করে দেওয়াই এই নাটকের মূল উদ্দেশ্য।
ইংরেজি মাধ্যমে পড়ুয়া পঞ্চম শ্রেণির ছাত্র বিশালের জগৎজুড়ে স্পাইডারম্যান, সুপারম্যান, অ্যাংরি বার্ড, অ্যালিয়েন, বারবি, টম অ্যান্ড জেরি ইত্যাদি চরিত্রই ঘুরে বেড়ায়। একদিন বাবা-মা দুজনই তখন কর্মস্থলে, তখন এক এক করে বাংলা শিশুসাহিত্যের ছড়া, গল্প, রূপকথা থেকে উঠে আসা চরিত্র হাট্টিমাটিমটিম, চাঁদের বুড়ি, সফদার ডাক্তার, নন্দলাল, ভোলানাথ, রাজকন্যা, বীরপুরুষ, হুঁকোমুখো হ্যাংলা, রাক্ষস-খোক্ষস তার কাছে চলে আসে। এসব চরিত্রের সমস্যার সমাধান করতে করতেই এই জগতের সঙ্গে পরিচয় হয় নাটকের কেন্দ্রীয় চরিত্র বিশাল। নাট্যকার সুকৌশলে চাঁদের বুড়িকে সুত্রধর হিসেবে আবির্ভূত করেছেন।
নাট্যকার দেবাশীষ ঘোষ নিজেই এই নাটকের নির্দেশক। তাই নাটকের উপস্থাপনটাও অনেক সহজ ছিল। বাড়াবাড়ি মাত্রায় কোরিওগ্রাফি ব্যবহার না করে, অভিনয়নির্ভর নাটকটি উপস্থাপনের চেষ্টা করেছেন। সাজেস্টিভধর্মী সেটে—বর্তমান সময়ে শিশুর মনোজগতে যে চরিত্রগুলো আছে, তা যেন অঙ্কন করেছেন, তেমনি নাটকের শেষে বাংলার শিশুসাহিত্যের চরিত্রগুলো জ্বলজ্বল করেছে ছবিতে। অভিনেতারা যেভাবে অভিনয় করল, মনে হলো সবাই যেন নিজ নিজ চরিত্রের সঙ্গে মিলে গিয়েছে। অভিনেতা যখন তার কাঙ্ক্ষিত চরিত্রে অভিনয় করে, তখন সে সেই চরিত্র আনন্দসহকারে উপস্থাপন করে, আর তখনই আমরা দর্শক তার অভিনয় দেখে মুগ্ধ হই।
শুরুতেই বলেছিলাম, বাংলাদেশে শিশুদের নাটক মঞ্চায়ন হয় না। বরিশাল শিশু থিয়েটার নিয়মিত প্রতি শুক্রবার নাটক মঞ্চায়ন করে জেনে খুবই অবাক হয়েছিলাম। জেলা শহরে যদি এই চর্চা হয়ে থাকে, তবে ঢাকায় কেন এখনো শুরু হচ্ছে না?
জয়তু বরিশাল শিশু থিয়েটার
জয়তু অতঃপর: হাট্টিমাটিমটিম।