বর্ণিল জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল দুপুর ১২টা। উত্তরণের কর্মীরা গেয়ে ওঠেন ‘মেঘ মেদুর বরষায় কোথা তুমি...’। সঙ্গে সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি জানান দেয় আষাঢ়ের আগমনধ্বনি। জ্যৈষ্ঠের শেষে আষাঢ়ের শুরুটা প্রাণবন্ত হয়ে ওঠে উত্তরণের জ্যৈষ্ঠ উৎসব আর বর্ষাবরণের বর্ণিল আয়োজনে।
বরিশালের ব্রজমোহন কলেজের সাংস্কৃতিক সংগঠন উত্তরণ চত্বরের এই আয়োজনে অংশ নেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং বরিশালের সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
সংগঠনের কর্মীরা গেয়ে শোনান গান, চলে আড্ডা, কথা এবং কবিতা।
আষাঢ়ের ঘণ্টাধ্বনির সঙ্গে ছিল দেশি ফলের সমাহার। জ্যৈষ্ঠ উৎসব পরিণত হয় ফলের মেলায়।
গান, কথা আর আড্ডার এক ফাঁকে দুই উৎসবের উদ্বোধন করেন ব্রজমোহন কলেজের অধ্যক্ষ ফজলুল হক। শুভেচ্ছা জানান মুকুল দাস, কাইউম উদ্দিন আহম্মেদ, উপাধ্যক্ষ কাজী নজরুল ইসলাম, অধ্যাপক শাহ সাজেদা, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য আজমল হোসেন, সংগঠক মুরাদ আহম্মেদ, কলেজ ছাত্রসংসদের সহসভাপতি মঈন তুষার, উত্তরণের সভাপতি শুখদেব মণ্ডল, সাধারণ সম্পাদক রোকন ব্যাপারী প্রমুখ।