বর্ণিল নৃত্য উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমীর চিত্রশালায় আন্তর্জাতিক নৃত্য দিবসের সপ্তাহব্যাপী অনুষ্ঠানের পঞ্চম দিনে দলীয় নৃত্য l প্রথম আলো
শিল্পকলা একাডেমীর চিত্রশালায় আন্তর্জাতিক নৃত্য দিবসের সপ্তাহব্যাপী অনুষ্ঠানের পঞ্চম দিনে দলীয় নৃত্য l প্রথম আলো

শুধু উৎসব বললে কম হবে, রীতিমতো মহোৎসব। সেগুনবাগিচার নাট্যশালা মঞ্চ ও চিত্রশালা প্লাজায় নান্দনিক নৃত্য পরিবেশনা। নূপুরের নিক্বণ, পাখোয়াজ আর মৃদঙ্গের তালে শিল্পীদের নাচ, অন্যদিকে মেলা। মেলায় নাচের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি দর্শক হিসেবে আসা নবীন-প্রবীণেরা পরিচিত হচ্ছিলেন বাংলাদেশের নাচের ছয় দশকের ইতিহাসের সঙ্গে।
গতকাল সোমবার শিল্পকলা একাডেমীর চিত্রশালা প্লাজায় দেখা যায় নৃত্যমঞ্চ সামনে রেখে অনেক মানুষের ভিড়। শচীন দেববর্মনের ‘তাক দুম তাক দুম বাজে বাংলাদেশের ঢোল’ থেকে শুরু করে হালের ব্যান্ডের গান ‘গর্জে ওঠো বাংলাদেশ’—নানা রকমের সুর ভেসে আসছিল সেখান থেকে। সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত পরিবেশিত হয় একের পর এক নাচ। বাংলার লোকনৃত্য কিংবা উচ্চাঙ্গনৃত্যের নানা শাখা কত্থক, ভরতনাট্যম, মণিপুরি, সৃজনশীল নৃত্যসহ নৃত্যকলার এক বর্ণিল আয়োজন ছিল সেখানে।
নতুন প্রজন্মের কাছে বাংলাদেশে নাচের ইতিহাস তুলে ধরার জন্য এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে কর্তৃপক্ষ। দুর্লভ কিছু আলোকচিত্র আছে প্রদর্শনীতে। নৃত্যশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান জানান, ৩৪টি স্টল আছে মেলায়।