বর্ণিল 'বিজয় মেলা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সকালে বেলুন উড়িয়ে ‘দেশবন্ধু গ্রুপ-চ্যানেল আই বিজয় মেলা ২০১৭’ উদ্বোধন করা হয়
সকালে বেলুন উড়িয়ে ‘দেশবন্ধু গ্রুপ-চ্যানেল আই বিজয় মেলা ২০১৭’ উদ্বোধন করা হয়

চ্যানেল আই ভবনের চেতনা চত্বর আজ সেজেছে লাল-সবুজের রঙে। বর্ণিল মঞ্চ, তোরণ আর ফেস্টুনে সুসজ্জিত মেলা প্রাঙ্গণ। মহান বিজয় দিবস উপলক্ষে আজ শনিবার চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ‘দেশবন্ধু গ্রুপ-চ্যানেল আই বিজয় মেলা ২০১৭’।

সকাল সাড়ে ১০টায় এই মেলা উদ্বোধন করেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য আর চ্যানেল আই পরিচালনা পর্ষদের সদস্যরা। মঞ্চে গান পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা। এ সময় লাল-সবুজ বেলুন ওড়ানো হয়।

চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘বাংলাদেশের এই বিজয় প্রতিদিনের বিজয়। পৃথিবীর মানুষদের আমরা বলি, আমরা যুদ্ধ করে পাওয়া দেশের মালিক এবং দেশের উন্নতির জন্য সকলে মিলে কাজ করে চলেছি।’

চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ বলেন, ‘২০২১ সালে বিজয়ের ৫০ বছরের জন্য জাতি তৈরি হচ্ছে।’

মেলা উপলক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক ছবি আঁকেন বরেণ্য চিত্রশিল্পীরা। ছিল শিশু-কিশোরদের জন্য ছবি আঁকার আয়োজন। মেলায় সংগীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধারা। আরও গান গেয়েছেন আমন্ত্রিত সংগীতশিল্পী, ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’, ‘ক্ষুদে গানরাজ’-এর ছেলেমেয়েরা। ছিল ‘চ্যানেল আই সেরা নাচিয়ে’দের নাচ।

মেলার বিভিন্ন স্টলে আছে মুক্তিযুদ্ধের নানা দলিল, বই, আলোকচিত্র, মুক্তিযোদ্ধাদের ডায়েরি ও মুক্তিযুদ্ধের চলচ্চিত্রের প্রদর্শনী। এ ছাড়া আছে ক্ষুদ্র ও কুটির শিল্পের সামগ্রী।

‘বিজয় মেলা’ সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই। মেলা নিয়ে অনুষ্ঠান উপস্থাপনা করেছেন মৌসুমী বড়ুয়া ও অপু মাহফুজ। পরিচালনা করেন আমীরুল ইসলাম ও শহিদুল ইসলাম সাচ্চু।