বর্ষ বিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান
আজ ৩১ ডিসেম্বর। বিদায় নিচ্ছে ২০১০ সাল। রাত ১২টা ০১ মিনিটে শুরু হচ্ছে নতুন বছর, ২০১১ সাল। এ উপলক্ষে চ্যানেলগুলোতে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান। এটিএন বাংলায় আজ গানে গানে গল্প অনুষ্ঠানে গান করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা। চ্যানেল আইতে ফেরদৌস হাসানের লেখা টেলিছবি আঁধার আমার ভালো লাগে। এতে অভিনয় করেছেন সজল, শশী, মৌনতা প্রমুখ। আর রাতে থাকছে ইমদাদুল হক মিলনের লেখা নাটক তোমার কাছে। একুশে টিভিতে দেখানো হবে বৃষ্টি কাল কাঁদবে। নাটকটি লিখেছেন অরুণ চৌধুরী, পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এতে অভিনয় করেছেন অপূর্ব ও বিন্দু। সন্ধ্যায় থাকছে আইডল নাইটস, আর রাতে ফোনো লাইভ স্টুডিও কনসার্ট। রাতে এনটিভি দেখাবে কক্সবাজার থেকে লাইভ কনসার্ট। এখানে গান করবে সোলস, দলছুট, ফুয়াদ, মিলা ও শিল্পী। দেশ টিভিতে বিকেলে থাকছে বিচ কনসার্ট। হ্যাপি মোমেন্টস অনুষ্ঠানে গান করবে মিমি, কনক, সিঁথি, নাজু, পড়শি, সিনথিয়া ও তিশমা। ক্লোজআপ আওয়ার অনুষ্ঠানে থাকছেন আইয়ুব বাচ্চু, শাফিন আহমেদ, মাকসুদ, পিলু খান, আলিফ ও অমি। থাকছে নাটক একজন মেকআপম্যান অথবা নীরবতার গল্প। এটি লিখেছেন ও পরিচালনা করেছেন অলি আহমেদ। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ফারহানা মিলি, হিল্লোল প্রমুখ। আরটিভিতে স্প্রিন্ট মোবাইল রকিং আওয়ার অনুষ্ঠানে গান করবেন নির্ঝর। ৩ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে ইউএনএফপিএ ও বামবা আয়োজিত কনসার্টটি দেখানো হবে আজ বিকেলে। বৈশাখী টিভিতে থাকছে সালতামামি ও ১০ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত শাহরুখ খান লাইভ ইন ঢাকা।