বর্ষণ সন্ধ্যায় শুরু হলো নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় নাট্যশালায় গতকাল সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসবের উদ্বোধন করেন অতিথিরা l ছবি: প্রথম আলো
জাতীয় নাট্যশালায় গতকাল সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসবের উদ্বোধন করেন অতিথিরা l ছবি: প্রথম আলো

দিনপঞ্জির হিসাবে প্রকৃতিতে এখনো বসন্ত। কিন্তু কাল বুধবারের সন্ধ্যাটা ছিল ভরা বর্ষার মতো। বিকেল থেকে ঝুম বৃষ্টি। সন্ধ্যা নাগাদ ঢাকার রাজপথ পানিতে সয়লাব। ছিল হিমেল হাওয়া। এমন পরিবেশে সৈয়দ বদরুদ্দীন হোসাইন নাট্যোৎসবের অষ্টম আসরের পর্দা উঠল গতকাল বুধবার। ১১ এপ্রিল পর্যন্ত চলবে এই উৎসব।
বর্ষণমুখর সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার উৎসব উদ্বোধন করেন বিগত বছরগুলোতে স্মারক সম্মাননাপ্রাপ্ত গুণীজন রামেন্দু মজুমদার, কেরামত মাওলা, মামুনুর রশীদ, ইনামুল হক ও ম হামিদ। তাঁরা প্রদীপ জ্বালালেন। ঢাকের বাদ্যির তালে তালে সমবেত ব্যক্তিরা গাইলেন ‘মঙ্গল দীপ জ্বেলে অন্ধকারে দু’চোখ আলোয় ভরো প্রভু’।
‘সকল বৈষম্যের ঊর্ধ্বে জাগোরে নবীন প্রাণ’ প্রতিপাদ্যে আয়োজিত উৎসবের উদ্বোধনীর আনুষ্ঠানিকতায় বিশেষ অতিথি ছিলেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান ও পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহমেদ গিয়াস। উদ্বোধনী অনুষ্ঠানে পদাতিকের দলপ্রধান সৈয়দ তাসনিম হোসাইনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কলকাতার কার্টেন কলের দলপ্রধান তীর্থংকর চট্টোপাধ্যায়। উদ্বোধনের আগে সাংস্কৃতিক দলীয় আবৃত্তি করেন স্রোত আবৃত্তি সংসদের সদস্যরা। মাইম পরিবেশন করে ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন। দলীয় সংগীত ও পথনাটক পরিবেশন করেন পদাতিক নাট্য সংসদের সদস্যরা।
মঞ্চস্থ হয় দুটি নাটক। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে প্রাচ্যনাট মঞ্চস্থ করে কইন্যা এবং পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে বটতলা মঞ্চস্থ করে ক্রাচের কর্নেল।
আজ বৃহস্পতিবার উৎসবের দ্বিতীয় দিনে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ভারতের নাট্যদল কার্টেন কল মঞ্চস্থ করবে পড়শি বসত করে এবং পরীক্ষণ থিয়েটার হলে পদাতিক নাট্য সংসদ মঞ্চস্থ করবে গহনযাত্রা।
আয়োজকেরা বলেন, এবারের উৎসবে ঢাকার আটটি, ঢাকার বাইরের একটি ও ভারতের একটি নাট্যদল অংশগ্রহণ করছে। দলগুলো হলো পদাতিক নাট্য সংসদ, আরণ্যক, মহাকাল নাট্য সম্প্রদায়, থিয়েটার আর্ট ইউনিট, নাগরিক নাট্যাঙ্গন, প্রাচ্যনাট, বটতলা, বাতিঘর, ময়মনসিংহের অন্বেষা থিয়েটার ও ভারতের কার্টেন কল। প্রতিদিনের নাট্য প্রদর্শনীর আগে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনের সম্মুখভাগের উন্মুক্ত প্রাঙ্গণে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামীকাল শুক্রবার সন্ধ্যায় এবারের স্মারক সম্মাননা দেওয়া হবে এ এম সোলায়মান (মরণোত্তর) ও লাকী ইনামকে।
প্রদর্শনী ‘টেল অব দ্য ডার্করুম’
শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় গ্যালারি-৫-এ শুরু হয়েছে আলোকচিত্র প্রদর্শনী ‘টেল অব দ্য ডার্করুম’। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) ফটোগ্রাফি ক্লাব এই প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীতে অংশ নিচ্ছে ঢাকার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরুণ আলোকচিত্রীরা।
প্রদর্শনী সাজানো হয়েছে ৮৯ জনের ১৩৩টি ছবি দিয়ে। চলবে ৮ এপ্রিল প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত। গ্যালারি সবার জন্য খোলা।