
শুক্রবার ছিল ৭ শ্রাবণ। পঞ্জিকার পাতায় আষাঢ় এসেছে বেশ কিছুদিন আগে। এত দিন পর গতকাল সকালে বর্ষাকে বরণ করে নিতে রাজধানীতে ‘র্বষা উৎসব’ হয়েছে। রোদেলা সকালটা একটু বেমানানই মনে হয়েছিল। বিকেলে ঝরেছে শ্রাবণের অঝোর ধারা। তাতে উৎসবের পরিসরও ছোট হয়। একসময় ঝুম বৃষ্টি নেমে উৎসবটিকে সার্থক করে তোলে।
সকালে যেমন ছিল ‘এসো নীপবনে ছায়াবীথিতলে’, ‘পাগলা হাওয়ার বাদল-দিনে’, ‘আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে’, ‘ঘোর ঘনঘটা ছাইল গগন’; তেমনি ছিল ‘আষাঢ় মাইসা ভাসা পানিরে’র মতো লোকগানও। ছিল বর্ষাবিষয়ক গান, নাচ আর আবৃত্তিতে বর্ষাবন্দনা। সব মিলিয়ে বর্ষাবরণ উৎসব হয়েছিল প্রাণবন্ত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের বকুলতলা প্রাঙ্গণে বর্ষাবরণের দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। উৎসবে আকাশি-নীল রঙের শাড়ি আর খোঁপায় চালতা-কদম ফুল গুঁজে সেজেছিলেন মেয়েরা। ছেলেদের পোশাকেও ছিল ভরা বর্ষার সৌন্দর্য নীল পাঞ্জাবি আর সাদা পাজামা। কেউ কেউ বর্ষার কবিতার পঙ্ক্তি আর ছবিসংবলিত টি-শার্ট পরেও এসেছিলেন।
সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর বর্ষা উৎসবের সূচনা হয় শিল্পী এইচ এম রতনের ‘মেঘমল্লা’র রাগ পরিবেশনের মধ্য দিয়ে। দুই পর্বে বিভক্ত এ আয়োজনের সকালের পর্বে দলীয় নৃত্যের মধ্য দিয়ে বর্ষাবন্দনা করে স্পন্দন, নৃত্যম, নৃত্যজন, নটরাজ ও সুরবিহার। দলীয় পরিবেশনায় অংশ নেয় আদিবাসী সংগঠন গারো কালচারাল একাডেমি। দলীয় সংগীত পরিবেশন করে সুরবিহার, বহ্নিশিখা, সুর সপ্তক, ওস্তাদ মোমতাজ আলী খান সংগীত একাডেমি ও সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। একক সংগীত পরিবেশন করেন মহিউজ্জামান চৌধুরী, বিজন চন্দ্র মিস্ত্রি ও বিমান চন্দ্র বিশ্বাস। বাক্শিল্পী নায়লা তারাননুম চৌধুরী কাকলি পরিবেশন করেন দুটি কবিতা।
বর্ষা কথন পর্বে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী। সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি নিগার চৌধুরী। এ পর্বে ধরণিকে সবুজ করার লক্ষ্যে শিশু-কিশোরদের মধ্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় সংগঠনটির পক্ষÿথেকে।
বিকেলে দ্বিতীয় পর্বের শুরুর কয়েক ঘণ্টা আগে ভারী বৃষ্টিপাত হয়। এতে অনুষ্ঠানস্থলে পানি জমে যায়। তারপরও বেশ কিছু গান পরিবেশন করা হয়। মাঝপথে আরেক দফা তুমুল বৃষ্টি হলে নির্ধারিত সময়ের অনেক আগেই শেষ হয় বর্ষণবেলায় বর্ষা উৎসব।