বর্ষবরণ অনুষ্ঠানে ফিরোজা বেগম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘হাজারও কণ্ঠে কোটি বাঙালির বর্ষবরণ’ অনুষ্ঠানে আজ গান গাইবেন প্রবীণ শিল্পী ফিরোজা বেগম। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে চ্যানেল আই ও সুরের ধারা। ফিরোজা বেগম বলেন, ‘অনেক দিন বর্ষবরণের কোনো অনুষ্ঠানে গান গাওয়া হয়নি। আগে তো প্রায় প্রতিবছরই বর্ষবরণের বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়া হতো। বাংলা একাডেমী, বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে নিয়মিতই গান গেয়েছি। বিটিভিতেও অনেক অনুষ্ঠান করেছি। চ্যানেল আই থেকে আমাকে অনুরোধ করেছে, ওরা এবার আমাকে দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে চায়। রাজি হয়েছি। আমি থাকব এ অনুষ্ঠানে। সকালেই গান করব।’ফিরোজা বেগম গান গাইবেন সকাল নয়টায়। গাইবেন ‘হে মায়াবী বলে যাও’ গানটি।‘হাজারও কণ্ঠে কোটি বাঙালির বর্ষবরণ’ অনুষ্ঠানে একক গান গাইবেন সৈয়দ আবদুল হাদী, রেজওয়ানা চৌধুরী বন্যা, মহিউজ্জামান চৌধুরী, ফরিদা পারভীন, কুমার বিশ্বজিৎ, আইয়ুব বাচ্চু, লিনা তাপসী খান, লিলি ইসলাম, কোনাল, ঝিলিকসহ আরও অনেকে। থাকবে দেশের এক হাজার শিল্পীর কণ্ঠে সম্মেলক গান। অনুষ্ঠান চলবে দুপুর ১২টা পর্যন্ত। সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। বিটিভি, একাত্তর টিভি, সময় টিভি ও গাজী টিভিতেও এ অনুষ্ঠানের উল্লেখযোগ্য অংশ সরাসরি সম্প্রচার করা হবে।