বর্ষবরণের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পয়লা বৈশাখের প্রস্তুতি সভায় বক্তৃতা দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর l ছবি: প্রথম আলো
পয়লা বৈশাখের প্রস্তুতি সভায় বক্তৃতা দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর l ছবি: প্রথম আলো

দেশে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আসছে পয়লা বৈশাখ জাতীয়ভাবে উদ্যাপনের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার হলে বাংলা নববর্ষ ১৪২২ উদ্যাপন উপলক্ষে আন্তমন্ত্রণালয়ের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এই আয়োজনে সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। উপস্থিত ছিলেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস, বিটিভির মহাপরিচালক আবদুল মান্নান, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী এবং বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
সভাপতির বক্তব্যে আসাদুজ্জামান নূর বলেন, এবার সর্বস্তরের মানুষ পয়লা বৈশাখ যাতে উদ্যাপন করতে পারে, সে জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে। নির্বিঘ্নে দেশের মানুষ যেন বড় এই উৎসব উদ্যাপন করতে পারে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তৎপর থাকবে।
আন্তমন্ত্রণালয়ের সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে অন্যবারের মতো এবারও পয়লা বৈশাখের দিনটিকে সাধারণ ছুটি ঘোষণা, ছায়ানট কর্তৃক রমনার বটমূলে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান গণমাধ্যমে সরাসরি সম্প্রচার, সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে ও যথাযথ আড়ম্বরে বাংলা নববর্ষ উদ্যাপন, বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে বাংলা নববর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানাদির আয়োজন, সকল কারাগার-হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের ঐতিহ্যবাহী বাঙালি খাবারের ব্যবস্থা গ্রহণ, বাংলা নববর্ষ উদ্যাপনের জন্য বিভাগ-জেলা ও উপজেলা পর্যায়ে অর্থ বরাদ্দ প্রদান ইত্যাদি।