বর্ষা বেলায় 'মায়াবী বনসাই'

বাইরে তখন থেমে থেমে বৃষ্টি ঝরছিল। এ রকম পরিবেশে আনুষ্ঠানিকতা শেষে প্রদর্শনীর দ্বার উন্মুক্ত হলো। শীতাতপ নিয়ন্ত্রিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে ঢুকতেই চোখের সামনে ভেসে উঠল সবুজ আর সবুজ। গাছ ছোট, কিন্তু সংখ্যাটা বড়—সব মিলিয়ে ৩০০ গাছ! দেখে মনে হয় কোন বন বা বাগান। ছোট্ট এই বাগানটিতে মন যেন ছুটতে থাকে।
লায়লা আহমেদ কোনো একদিন শখের বসে ঢুকে পড়েছিলেন শিল্পী নাজমুল হকের বনসাই প্রদর্শনীতে। সেখান থেকে তার আগ্রহটা শুরু। ক্রমশ তার মনে মধ্যে বাসা বাঁধে বনসাই। প্রথমে একটি বনসাই, পরে আরও দুটি—এভাবে বাড়তে থাকে তাঁর সংগ্রহশালা। এক সময় শুরু করলেন বনসাই শিল্পের চর্চা। একটানা ১৬ বছর সন্তানের মতো নিবিড়ভাবে পরিচর্যা করে চলেছেন তিনি। তার সংগ্রহে রয়েছে ২০০ প্রজাতির ৪ শতাধিক নান্দনিক সব বনসাই। এবার তিনি তার সংগ্রহশালা থেকে তিন শতাধিক বনসাইয়ে অপরূপ সৌন্দর্য দেখার সুযোগ করে দিলেন।
শনিবার শুরু হয়েছে তার একক বনসাই শিল্প প্রদর্শনী ‘মায়াবী বনসাই’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ২ নং জয়নুল গ্যালারিতে বর্ষাবেলায় এই প্রদর্শনীর উদ্বোধন দেশবরেণ্য প্রকৃতিবিদ অধ্যাপক দ্বিজেন শর্মা। সঙ্গে ছিলেন আরেক নিসর্গী ও কথাশিল্পী বিপ্রদাশ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন রেডিয়েন্ট বনসাই সোসাইটির সভাপতি গুলশান নাসরীন চৌধুরীসহ আরও অনেকে। উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রকৃতিবিষয়ক সংগঠন তরুপল্লবের সাধারণ সম্পাদক মোকারম হোসেন।
এ কথা বললে অত্যুক্তি হবে না যে গ্যালারিতে ঢুকে সবারই মন জুড়িয়ে যাবে। গাছের যত কাছে যাওয়া যায় ততই পরিষ্কার হতে থাকে এর জাত-পাত। আকার-প্রকৃতি যেমন চোখ জুড়ানো তেমনি নামগুলোও মনভুলানো। কোনোটার নাম কানাই ডিঙ্গা, কোনোটার নীলকণ্ঠ, জিলাপি ইত্যাদি। এগুলো দুর্লভ প্রজাতির বনসাই।
প্রদর্শনীতে স্থান পেয়েছে বটগাছের সবধরনের প্রজাতি। অশ্বত্থ বট, পাকুড় বটের ডালে ডালে, ফুল-পাতায় কল্পনার রং এঁকে দিয়েছেন বনসাই শিল্পী লায়লা আহমেদ। একই গাছকে নানা আকার ও আকৃতি দিয়ে উপস্থাপন করেছেন তিনি। এর পাশাপাশি নজর কেড়েছে রাধাচূড়া, তেতুল, ডুমুর, নিশিন্দা, কৎ বেল, কেওড়া, অর্জুন, তমাল, ঘূর্ণি বিবি, বইচি, কাঁটা মেহেন্দি, বিলেতি মেহেন্দি, কেলি কদম, ফোটাকাপার্স, টগর, কাঁঠালিচাঁপা, বাগানবিলাস, শেওড়া, কামিনী, কৃষ্ণচূড়া, রঙ্গন, চেরি ইত্যাদি গাছের বনসাই। বিদেশি জাতের মধ্যে রয়েছে চাইনিজ বট, ল্যান্টিনা, ফোকেনট্রি, বাওবাব, ইপিল-ইপিল, জুপিটাস ইত্যাদি।
শিল্পী লায়লা আহমেদ জানান, ‘ঘরের সৌন্দর্য বাড়াতে এই শিল্পের তুলনা নেই। অনেকেই এখন ঝুঁকছেন এই শিল্পে।’ প্রদর্শনী ঘুরে দেখার পাশাপাশি ইচ্ছে করলে কেনা যাবে বনসাই। দাম পড়বে ৫শ থেকে শুরু করে ৭০ হাজার টাকা পর্যন্ত। প্রায় ১৮ থেকে ২০ বছর বয়সী বট-পাকুড় প্রজাতির বনসাইয়ের দাম হাঁকা হচ্ছে ৭০ হাজার টাকা। এক থেকে দেড় বছর বয়সী বিভিন্ন প্রজাতির বনসাইয়ের দাম পড়বে ৫০০ টাকা। বয়স যত বাড়বে, দাম তত বাড়বে। শুধু বনসাই নয়, বনসাইয়ের পাত্রও বিশেষ আকর্ষণ করছে। চৌকোনা, ত্রিকোণ বিশিষ্ট মাটির পাত্রে বেড়ে উঠেছে একেকটি বনসাই। শামুকের খোলসেও দেখানো কয়েকটি বনসাই।
প্রদর্শনীর উদ্বোধক প্রকৃতিবিদ অধ্যাপক দ্বিজেন শর্মা বলেন ‘কোনো হেলাফেলার শিল্প নয় বনসাই। এটা নান্দনিক শিল্প। দিন দিন এর কদর বাড়ছেই। গাছের বামনত্ব করা হচ্ছে এই বলে যে সমালোচনা হয়ে থাকে তার কোনো প্রকৃতিগত ভিত্তি নেই। বনসাই শিল্পী সর্বদা পরিচর্যার মধ্যে থাকে। ভালো যত্ন-আত্তি পায়। অথচ একই গাছ প্রকৃতিতে অনাদরে বেড়ে উঠে। আদরে গড়ে ওঠা গাছটি টেবিলে সাজিয়ে রাখা যায়। প্রকৃতিতে বেড়ে উঠা গাছটি বাইরের সৌন্দর্য বাড়ায়, ঘরের ভেতর নয়। নিসর্গী ও কথাশিল্পী বিপ্রদাশ বড়ুয়া বলেন ‘বনসাই হচ্ছে বিন্দু থেকে সিন্ধুকে দেখা এক অনন্য শিল্প মাধ্যম। ঘরের সৌন্দর্য যেমন বাড়ায় তেমনি মাটির কাছে প্রাণের কাছে নিয়ে যায় এই শিল্প’।
প্রদর্শনী ২২ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা খোলা থাকবে।