বর্ষাবরণ
বড় ভাই তার ভীষণ বদমেজাজি। অন্ধকার দুনিয়ার মানুষের সঙ্গে তার ওঠা-বসা। ভাইয়ের ওপর রাগ করেই মেয়েটি একদিন বাড়ি ছেড়ে যায়। রাস্তায় পরিচয় হয় স্মৃতিশক্তি হারানো এক যুবকের সঙ্গে। একদিকে ভাইয়ের ভাড়াটে লোকজনের তাড়া, অন্যদিকে স্মৃতিহীন এক যুবকের সঙ্গ। মেয়েটি সিদ্ধান্ত নিল, যুবককে ভালোবেসে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবে। কিন্তু...।পর্দার কাহিনির এই মেয়েটির নাম বর্ষা। পুরো নাম আফিয়া নুসরাত। মীন রাশির মেয়েটি চলচ্চিত্রে নবাগতা। বাংলা নববর্ষ উপলক্ষে ১৬ এপ্রিল মুক্তি পাবে তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র খোঁজ (দ্য সার্চ)।এরই মধ্যে সারা দেশে বিলবোর্ড আর পোস্টারের মাধ্যমে প্রচার শুরু হয়েছে বর্ষা অভিনীত ছবির। যে স্বপ্ন তিনি দেখেছিলেন, আর কদিন পরই তা পূরণ হতে যাচ্ছে। ভীষণ খুশি বর্ষা।স্কুল ও কলেজ-জীবন কেটেছে সিরাজগঞ্জে। স্কুলজীবনে নাচ, গান আর আবৃত্তিতে তাঁর ছিল বেশ ঝোঁক। ‘মনে মনে ভাবতাম, বড় হয়ে আমি বিনোদন অঙ্গনে কাজ করব। আমি অনেক সিনেমা দেখতাম। বিশেষ করে সালমান শাহ ও শাবনূরের ছবিগুলো।ইচ্ছা ছিল, তাঁদের মতো ছবিতে অভিনয় করব।’ বলছিলেন বর্ষা।বর্ষা ঢাকায় চলে আসেন। ২০০৭ সালে গিয়েছিলেন কক্সবাজারে। সেখানে তখন এস এ হক অলীক নাটকের শুটিং করছিলেন।‘শুনলাম, তিনি হূদয়ের কথা ছবির পরিচালক। অলীক ভাইয়ের সঙ্গে কথায় কথায় আমি বিনোদন অঙ্গনে কাজ করার আগ্রহের কথা জানালাম। তিনি আমাকে তাঁর দুঃখ ছুঁয়ে দেখ নাটকে অভিনয় করার কথা বললেন। এরপর ঢাকায় ফিরে অলীকের অচিন পাখি ও শহীদুজ্জামান সেলিমের পদ্মনারী নামের ধারাবাহিকে কাজ করলাম।’ বললেন বর্ষা।এরই মধ্যে বর্ষা ভূঁইয়া ইনস্টিটিউটে সিআইএস (কম্পিউটার ইনফরমেশন সিস্টেম) নিয়ে পড়াশোনা শুরু করেন। বর্ষা বললেন, ‘পড়াশোনাটা শেষ করব, তবে আমার লক্ষ্য নিজেকে চলচ্চিত্রশিল্পে প্রতিষ্ঠিত করা। আমি চেয়েছি, এমন ছবিতে অভিনয় করব, যেটি গতানুগতিক হবে না। যেমন খোঁজ ছবিতে আমার যে প্রযোজক ও নায়ক অনন্ত, তিনি কিন্তু দুটো বিষয়ের ওপর ভীষণ জোর দিয়েছেন। প্রথমত, ছবির কারিগরি মান আধুনিক। এ ছবির কিছু অংশের শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে। সেখানকার সব আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এরপর নেপালে যখন আমাদের শুটিং হয়, সেখানে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ক্যামেরা। দ্বিতীয়ত, ছবির গল্পটা এমনভাবে তৈরি যে, আমার মনে হয়, দর্শক পুরো ছবি না দেখে আসন ছাড়বেন না। ছবিতে যেমন আছে অ্যাকশন, তেমনি আছে রহস্য আর প্রেম।’বর্ষা প্রথম ছবির ফলাফল দেখার জন্য অপেক্ষা করছেন। জানালেন, তিনি এখন আর নাটকেও অভিনয় করছেন না। খোঁজ (দ্য সার্চ) ছবিটি মুক্তির পর মে মাসে তিনি দুটি ছবির শুটিং শুরু করবেন। একটির নাম এরই মধ্যে চূড়ান্ত হয়েছে—নিঃস্বার্থ ভালোবাসা। পরিচালনা করবেন সোহানুর রহমান সোহান। অন্যটির গল্প তৈরি হচ্ছে। দুটি ছবিতেই অনন্তের বিপরীতে অভিনয় করবেন বর্ষা। কিছুদিন আগে মেরিল স্প্ল্যাশ বিউটি সোপের বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি। এখন তিনি কাজ করছেন একটি কোমল পানীয়র বিজ্ঞাপনচিত্রে। বললেন, ‘এই মাধ্যমে কাজ করার মজা আছে। খুব দ্রুত মানুষের কাছাকাছি পৌঁছানো যায়।’খোঁজ দিয়ে চলচ্চিত্রে তাঁর নতুন একটি জায়গা করে নিতে চান। বর্ষার স্বপ্ন পূরণ হবে, এমন শুভকামনা জানিয়ে বর্ষাকে বরণ করা যেতেই পারে।