বর্ষামঙ্গল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুষ্ঠানটা ভালো হতেই পারত। বিশেষ করে উপলক্ষটা যখন শৈলজারঞ্জন মজুমদার, যিনি রবীন্দ্রনাথের নির্দেশে রসায়নের অধ্যাপনা ছেড়ে শান্তিনিকেতনে সংগীত ভবনের দায়িত্ব নিয়েছিলেন। রবীন্দ্রনাথের দুই শতাধিক গানের স্বরলিপিকার তিনি। জন্মেছিলেন বাংলাদেশের নেত্রকোনায়, ১৯০০ সালের ১৯ জুলাই। তাঁর ১১৬ বছরের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ-ভারত মিলে এই প্রথম কোনো অনুষ্ঠান হলো গতকাল বিকেলে, জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে। আয়োজক চয়নিকা, সহযোগিতায় ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র।
১৯৩৯ সালে শৈলজারঞ্জন সংগীত ভবনের দায়িত্ব নিয়ে আয়োজন করেছিলেন ‘বর্ষামঙ্গল’। সেই অনুষ্ঠানই হয়তো আয়োজকেরা করতে চেয়েছিলেন ‘বাদল দিনের প্রথম কদম ফুল’ শিরোনামে।
প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিশেষ অতিথি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. সুজিতকুমার বসু ও রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ভুইঞা শফিকুল ইসলাম, সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ছিলেন যথাসময়ে উপস্থিত। কিন্তু পদে পদে আয়োজকদের অব্যবস্থাপনায় আয়োজনটি বলতে গেলে পণ্ড হলো। স্বেচ্ছাসেবকেরা যখন-তখন মঞ্চে ঢুকে মঞ্চসজ্জার গুরুদায়িত্ব পালন করছিলেন। বক্তৃতা অনুষ্ঠানের মাঝামাঝি পর্যায়ে একজন মঞ্চে রাখা শৈলজারঞ্জনের ছবিতে মালা পরিয়ে গেলেন।
ভারত থেকেও এসেছিলেন শিল্পীরা গান গাইতে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশ ও ভারতের শিল্পীরা সংগীত পরিবেশন করলেন।