বর্ষামুখর রাতে ফাগুন সমীরণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষার ঘনঘটায় বা বসন্ত সমীরণে সুর আর কথায় রোমাঞ্চিত হওয়ার বাসনা বাঙালির চিরন্তন। সেই বাসনার যেন প্রকাশ ঘটল গতকাল মঙ্গলবার। শিল্পী অদিতি মহসিনের নতুন অ্যালবামের গান নির্বাচনে ছিল রবীন্দ্রনাথের বর্ষার গানের আধিক্য। শ্রোতামন হারাতে চেয়েছিল বাদলধারায়। কিন্তু পৌষের শীতের জবুথবু সন্ধ্যায় আপাতত গানের বর্ষাতেই ভেজে ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে আসা দর্শক-শ্রোতারা।আয়োজনের প্রথম পর্বে ছিল অদিতি মহসিনের কণ্ঠে ধারণকৃত রবীন্দ্রনাথের বর্ষা ও বসন্তের ১২টি গান নিয়ে অ্যালবাম বর্ষামুখর রাতে ফাগুন সমীরণের মোড়ক উন্মোচন ও সিডি প্রকাশনা। সিডির মোড়ক উন্মোচন করেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। এ সময় অদিতি মহসিন ছাড়া উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। আনুষ্ঠানিক মোড়ক উন্মোচনের পর মিলনায়তনে দর্শক-শ্রোতাদের মুখোমুখি হন শিল্পী। ‘দিনশেষের রাঙা মুকুল’ গেয়ে শুরু করেন গানের আসর। পরে ‘কোন্ সুদূর হতে’, ‘আহা তোমার সঙ্গে’, ‘সেদিন দুজনে’সহ বেশ কিছু গান পরিবেশন করেন। ছিল ‘ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দান’সহ অ্যালবামের কিছু গান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।বর্ষামুখর রাতে ফাগুন সমীরণে অ্যালবামের সংগীত পরিচালনা করেছেন দূর্বাদল চট্টোপাধ্যায়।থিয়েটার পুণ্যভূমির প্রতিষ্ঠাবার্ষিকীথিয়েটার পুণ্যভূমির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ছিল গতকাল। এ উপলক্ষে ‘আহা কি আনন্দ আকাশে বাতাসে’ শিরোনামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সুইমিংপুলে আয়োজন করা হয় আনন্দানুষ্ঠানের।বিকেলে বাঙালি ঐতিহ্যের খাবার ভোজের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। এরপর শুরু হয় থিয়েটার আড্ডা। এতে অংশ নেন পুণ্যভূমির নাট্যকর্মীরা। এরপর উৎসবের শিরোনাম ‘আহা কি আনন্দ আকাশে বাতাসে’ গানের তালে নৃত্য পরিবেশন করেন নাট্যদলটির সাংস্কৃতিক সংগঠন শিকড়ের নৃত্যশিল্পীরা। এরপর ছিল সংক্ষিপ্ত আলোচনা পর্ব। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ। আলোচনা সভা শেষে ঘোষণা করা হয় এ বছরের ‘পূর্ণ নাট্যকর্মী’র নাম। এ বছর পুরস্কারটি পেয়েছেন কামরুজ্জামান। তাঁর হাতে আমন্ত্রিত অতিথিরা সম্মাননা তুলে দেন। এরপর শিকড়ের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।