বর্ষার গান গাইলেন বন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ববঙ্গে এসে প্রকৃতি নিয়ে কবিগুরু লিখেছিলেন ‘ঝরঝর বরিষে বারিধারা’ গানটি। শিলাইদহে বসে সেই প্রাকৃতিক আবহ নিয়ে চিঠিও লিখেছিলেন ইন্দিরা দেবীকে। গাইবেন বলে বর্ষার গানের কথা ভেবে এসেছিলেন শিল্পী। এই গান দিয়ে তাই শুরু হয় রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যারর একক সংগীতসন্ধ্যা। হলভরা শ্রোতাকে তিনি জানান, এই বঙ্গে এসেই শুরু হয়েছিল কবিগুরুর প্রকৃতিপর্বের গান লেখা। বেশ কটি বর্ষার গান শোনান তিনি।
গতকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ছিল এই আয়োজন। আয়োজক বাংলাদেশ জাতীয় জাদুঘর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। স্বাগত বক্তব্য দেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী। অনুষ্ঠানটির উপস্থাপক অভিনেতা আফজাল হোসেন। কোন অনুভূতি থেকে রবীন্দ্রনাথ গানগুলো লিখেছেন, সেসব নিয়ে টুকরো টুকরো কথাও বলেন রেজওয়ানা চৌধুরী বন্যা। একক গান পরিবেশন করেন তাঁর সহশিল্পীরাও।
আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে সাত দিনে ২৩ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় জাদুঘর। কাল দ্বিতীয় দিন বিকেলে ছিল সুফিয়া কামাল মিলনায়তনে আচার্য দীনেশ চন্দ্র সেন স্মারক বক্তৃতা, সন্ধ্যায় নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে ছিল মহাস্থানগড়ে পাওয়া প্রাচীন নিদর্শনের প্রদর্শনী।