বর্ষার গানে কবিকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুক্রবার সারা দিন ছিল ইলশেগুঁড়ি বৃষ্টি। জননী সাহসিকা কবি সুফিয়া কামালের জন্মদিন৷ কবির প্রিয় ঋতু ছিল বর্ষা। তাই গতকাল সন্ধ্যায় ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে কবিকে শ্রদ্ধা জানানো হয় বর্ষার গানের মধ্য দিয়ে৷ গানের সঙ্গে ছিল পাঠ, আবৃত্তি ও নৃত্য পরিবেশনা।
রেজোয়ান আলীর পরিবেশনা দিয়ে শুরু হয় সন্ধ্যাকালীন এ গানের আসর। সুফিয়া কামালকে নিবেদিত কথনে অংশ নেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক। তাঁর বক্তব্য শেষে পরিবেশিত হয় ছায়ানটের শিল্পীদের সমবেত নৃত্যগীত।
‘ধরণির গগনের মিলনের ছন্দে’ গানের সঙ্গে উপস্থাপিত হয় ছায়ানটের শিল্পীদের নৃত্য। লাইসা আহমেদের কণ্ঠে গীত হয় ‘আমারে যদি জাগালে আজি নাথ’। ‘মেঘে মেঘে অসীম আকাশ’ গানটি পরিবেশন করেন রেজাউল করিম। বর্ষার আগমনী ধ্বনি জানিয়ে অভয়া দত্ত গেয়ে শোনান ‘আবার এসেছে আষাঢ়’।
এ ছাড়া একক কণ্ঠে গান শোনান সত্যম কুমার দেবনাথ ‘নিবিড় মেঘের ছায়ায়’, মোহিত খান পরিবেশন করেন ‘পরদেশী মেঘ যা ওরে ফিরে’, আফরোজা খান কণ্ঠে শোনান ‘গগনে মেঘ চমকিছে দামিনী’ ও সুমা রায় শোনান ‘বধূ এমন বাদল দিনে’৷