বর্ষার নতুন রূপ

নতুনরূপে দর্শকদের সামনে হাজির হচ্ছেন চিত্র নায়িকা বর্ষা। ঈদে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার শুরু হবে বর্ষা অভিনীত নতুন একটি বিজ্ঞাপনচিত্রের।
বিজ্ঞাপনচিত্রটির নির্মাতা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, চাকা ওয়াশিং পাউডারের এই বিজ্ঞাপনচিত্রে বর্ষাকে একেবারেই নতুন রূপে দেখা যাবে।
চিত্র নায়িকা বর্ষাকে ঢাকাই চলচ্চিত্রে কখনো আহ্লাদি প্রেমিকা, কখনো নিপাট সংসারী মেয়ে, আবার কখনো-বা প্রতিবাদী নারীর ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে। কিন্তু মারামারির দৃশ্যে তাঁকে খুব একটা দেখা যায়নি। চাকা ওয়াশিং পাউডারের নতুন বিজ্ঞাপনচিত্রে বর্ষাকে একজন লড়াকু গৃহবধূ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তিনি লড়বেন নোংরা আর নোংরামির বিরুদ্ধে।
ফটোসুন্দরী প্রতিযোগিতার মধ্য দিয়ে মিডিয়ায় আগমন হলেও চিত্র নায়িকা বর্ষা ইফতেখার চৌধুরীর ‘খোঁজ—দ্য সার্চ’ ছবিতে অভিনয় করে আলোচিত হন।

এতে বর্ষা অভিনয় করেন বাংলা চলচ্চিত্রের এ সময়ের আরেক আলোচিত নায়ক এম এ জলিল অনন্তর বিপরীতে। এরপর অনন্ত ও বর্ষা জুটি হয়ে একে একে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন। তবে, পর্দা ও বাস্তবের জুটি অনন্ত-বর্ষা কয়েক মাস আগে পারিবারিক দ্বন্দ্বে জড়িয়ে সবচেয়ে বেশি আলোচিত হন। অবশ্য পরে বিবাদ মিটিয়ে নিয়েছেন তাঁরা।
এদিকে বর্ষা এখন ‘নিঃস্বার্থ ভালোবাসা’ ছবির মুক্তির প্রহর গুনছেন। রোজার ঈদে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে। অনন্ত ও বর্ষা ব্যাংকক গেছেন ৩০ জুলাই। ফিরবেন ৩ আগস্ট। এসেই ‘নিঃস্বার্থ ভালোবাসা’ ছবির প্রচারণা নিয়ে তাঁরা ব্যস্ত হয়ে পড়বেন বলে জানা গেছে।
নতুন বিজ্ঞাপনচিত্রটিতে কাজ করার আগে বর্ষা মুঠোফোন প্রতিষ্ঠান গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেন। বর্ষা অভিনীত গ্রামীণফোনের বিজ্ঞাপনচিত্রটিও আলোচিত হয়েছে।