
দিনের শুরুতে দেখা মেলেনি। দেখা মিলবে কি না, সন্দেহ ছিল। কিন্তু পঞ্জিকার পাতায় না থেকেও আগের কয়েকটি দিন যে কিনা শাসন করেছে প্রকৃতিকে, মাসের শুরুর দিনটিতে সেই ‘বর্ষা’ কি না এসে পারে? নিয়ম করেই ইট-পাথরের এই নগরে নামল বর্ষা। ছাতা মাথায় নিয়েই হলো বর্ষা নিয়ে কথা বলা, গান শোনা, নাচ দেখা। মাত্র কয়েক মিনিটের বৃষ্টিতে ভিজে একাকার হলো অনুষ্ঠানস্থল। সার্থক হলো বাংলা একাডেমি প্রাঙ্গণ ও চারুকলা অনুষদে আয়োজিত বর্ষা উৎসব।
বর্ষাকে বরণ করতে দিনটির প্রথম প্রহরে উৎসবে মেতেছিল বাংলা একাডেমির নজরুল মঞ্চ। বর্ষাবরণের এ উৎসবের আয়োজন করে উদীচী শিল্পীগোষ্ঠী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় বসেছিল সত্যেন সেন শিল্পী সংস্থার বর্ষাবরণ উৎসব। সমবেত লোকজন বৃষ্টিতে ভিজে একাকার। উৎসবে আকাশি-নীল রঙের শাড়ি আর খোঁপায় কদম ফুল গুঁজে সেজেছিল মেয়েরা। ছেলেদের পোশাকেও ছিল ভরা বর্ষার সৌন্দর্য—নীল পাঞ্জাবি আর সাদা পায়জামা। বর্ষার কবিতার পঙ্ক্তি আর ছবিসংবলিত টি-শার্ট পরেও দিনটিকে পার করেন কেউ কেউ।
বাংলা একাডেমির নজরুল মঞ্চে যখন বর্ষাকথনের পালা, তখনই মেঘদূত পাঠিয়ে দিল বর্ষার বারতা। শুরু হলো ঝুম বৃষ্টি। মাথায় ছাতা নিয়ে কথন সংক্ষিপ্ত হলো; ছাতার আড়ালে চলল চমৎকার আড্ডা। এর মধ্য দিয়েই শেষ হলো উদীচীর বর্ষা উৎসব। সবাই কণ্ঠ মিলিয়ে একসঙ্গে বলে উঠলেন, ‘হে বর্ষা তোমায় স্বাদর সম্ভাষণ।’ সাংস্কৃতিক অনুষ্ঠানমালার শুরুতে ছিল শিল্পী প্রিয়াঙ্কা গোপের কণ্ঠে শাস্ত্রীয় সংগীত। সকালের স্নিগ্ধ প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া মিয়া কি মল্লার রাগে প্রিয়াঙ্কার অসাধারণ পরিবেশনায় মুগ্ধ হলেন উপস্থিত শ্রোতারা। এরপর দলীয় গান করে ‘পঞ্চভাস্কর’—‘রিমঝিম ঘন ঘন রে বরষে’ এবং ‘অম্বরে মেঘ মৃদঙ্গ বাজে’ গান দুটি। এরপর সালমা আকবর ও মাহমুদ সেলিমের পরিবেশনায় একক সংগীত। ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের আবৃত্তি শোনার পর বর্ষার আবাহনে যোগ দিয়ে বিশেষ গীতি-আলেখ্য পরিবেশন করেন উদীচী ঢাকা মহানগর সংসদের শিল্পীরা। এই গীতি-আলেখ্যের মূল ভাবনা ছিল ‘সবুজ বাঁচাই, সবুজে বাঁচি’।
উদীচীর বর্ষা উৎসবে দলীয় সংগীত পরিবেশন করে বহ্নিশিখা এবং উস্তাদ মমতাজ আলী খান সংগীত একাডেমির শিল্পীরা। ছিল শিল্পীদের একক কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনা। দলীয় নৃত্য পরিবেশন করে নৃত্যনন্দন, নটরাজ, স্পন্দনের মতো নৃত্যদল।
সাংস্কৃতিক পর্ব চলার একপর্যায়ে ছিল বর্ষাকথন। এতে অংশ নেন উদীচীর কেন্দ্রীয় সভাপতি কামাল লোহানী, বিশিষ্ট পরিবেশবিদ দ্বীজেন শর্মা, কৃষিবিদ ও উদীচীর সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম সিদ্দিক এবং উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশ। উদীচীর পক্ষ থেকে বর্ষার ঘোষণা পাঠ করেন উদীচী ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক ইকবালুল হক খান। তবে বর্ষাকথন শুরুর পরপরই আকাশ কালো করে ঝুম-ঝুমিয়ে বৃষ্টি নামে অনুষ্ঠানস্থলে।