বর্ষার রং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাওরান বাজার টু মোহাম্মদপুর। সঙ্গে আলোকচিত্রী খালেদ সরকার। উপলক্ষ চলচ্চিত্রাভিনেত্রী বর্ষার সঙ্গে আড্ডা। সেদিন ছিল সকাল-সন্ধ্যা হরতাল। রাজপথে তেমন কোনো উত্তেজনা নেই। নির্ধারিত সময় দুপুর ১২টায় মোহাম্মদপুরে বর্ষার বাড়িতে পৌঁছেছি আমরা। সারা ঘর নানা রকম ফুলে সাজানো। সেখানে বাড়তি সৌন্দর্য যোগ করেছে বিভিন্ন ভঙ্গিমায় বর্ষা ও অনন্তর রং-বেরঙের ফ্রেমে আটকানো ছবিগুলো। এর মধ্যে পাশের বিল্ডিংয়ে যেতে হলো। ওখানেই সাক্ষাৎকার আর ছবির সেশন হবে। এটা বর্ষাদের আরেকটি বাসা। নতুন। কেবল গোছগাছ চলছে। হঠাৎই বর্ষার ফোন। কণ্ঠে বিনয় নিয়ে ওপাশ থেকে বললেন, ‘প্লিজ, আর জাস্ট পাঁচ মিনিট।’কথার হেরফের হলো না। পাঁচ মিনিটের মধ্যেই হাজির হলেন বর্ষা। পরনে নীল শাড়ি। নীল তো বর্ষারই রং! বর্ষার মুখে হাসি। আমাদের মাথায় প্রশ্ন, এ হাসি কি সাফল্যের, নাকি অন্য কোনো কারণে? এর মধ্যে তাঁর অভিনীত মুক্তি পাওয়া তিনটি চলচ্চিত্রই দর্শক-আলোচনায় এসেছে। আরেকটি ছবি নিঃস্বার্থ ভালোবাসা মুক্তির মিছিলে।এদিকে বর্ষাও কম যান না। চটজলদি উত্তর তাঁর, ‘অবশ্যই সাফল্যের। বর্তমান চলচ্চিত্রে মন্দার মধ্যে আমার ছবিগুলো দর্শকের মন জয় করতে পেরেছে। হলে যাঁরা ছবি দেখতে যান না, তাঁরা হলমুখী হয়েছেন। মুনসুন ফিল্ম থেকে আমরা উন্নত মানের ছবি তৈরি করেছি। অ্যাকশনধর্মী ছবিগুলোর লোকেশন-বৈচিত্র্যের জন্য এর শুটিং হয়েছে বিদেশের বিভিন্ন স্থানে।’কথা বলতে গিয়ে বর্ষার মুখে যেন খই ফোটে। যোগ করেন, ‘আগামী ১০ মার্চ যুক্তরাজ্যে আমাদের মোস্ট ওয়েলকাম ছবির আন্তর্জাতিক উদ্বোধন হবে।’আপনাদের ছবি নিয়ে দর্শকের আগ্রহ কি কারিগরি উৎকর্ষ, লোকেশনের বৈচিত্র্য, নাকি আপনাদের অভিনয়ের কারণে? প্রশ্ন শুনে এবার একটু ভেবাচেকা খেলেন বর্ষা। তারপর বললেন, ‘দর্শকই ভালো বলতে পারবেন। তবে দর্শকের কাছে আমার গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা আমি টের পেয়েছি।’কীভাবে?‘শুটিং কিংবা অন্য কোনো কাজে বাইরে বেরোলেই বুঝতে পারি। এটা শুধু দেশেই নয়, দেশের বাইরেও।’ বললেন তিনি। এরপর জুড়ে দিলেন একটা ঘটনার কথাও। ‘গুলশানের একটা কফি শপে বসে আছি। এ সময় ওখানকার অনেকেই আমাদের সঙ্গে ছবি তোলার জন্য ভিড় করলেন। শেষে অবস্থা এমন হলো যে ভিড়ের মধ্যে আমরাই কাহিল।’কিন্তু বিপরীত কথাও তো শোনা যায়। অনেকের অভিমত, নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের বাইরে আপনার অভিনয়ের সুযোগ হয় না। এ বিষয়ে কী বলবেন?‘ঢালিউডের অন্য সব প্রযোজনা প্রতিষ্ঠানের চেয়ে আমাদের মুনসুন ফিল্ম প্রায় চার গুণ বেশি বাজেটের কারিগরি উৎকর্ষধর্মী ছবি নির্মাণ করছে। এ ধরনের ছবিতে অভিনয়ের পর কম বাজেটের ছবির ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেছি।’ বর্ষার সোজাসাপটা উত্তর।ওদিকে বর্ষা নিজেকে জনপ্রিয় অভিনেত্রী হিসেবে দাবি করলেও চলচ্চিত্রে তাঁর অভিজ্ঞতার পরিধি কতটুকু?উত্তর দিতে গিয়ে এবার চুপ হয়ে গেলেন। পরক্ষণেই বললেন, ‘অভিজ্ঞতা না নিয়ে এলেও আমি চেষ্টা করি। প্রচুর ছবি দেখি। অনন্ত অ্যাকশনধর্মী ছবি বেশি দেখে। তাই অ্যাকশনের ছবিই দেখা হয় বেশি। এর মধ্যে দেখলাম স্কাইফল, জ্যাক রিচার, তালাশ, জাব তাক হ্যায় জান ও দাবাং-২।’বর্ষা অভিনীত প্রথম চলচ্চিত্র খোঁজ—দ্য সার্চ মুক্তি পায় ২০১০ সালে। সাফল্য পায় ছবিটি। এই সাফল্যের সঙ্গে ২০১১ ও ২০১২ সালে হূদয় ভাঙা ঢেউ ও মোস্ট ওয়েলকাম-এর সাফল্যও যোগ হয়। কথায় কথায় জানতে চাই, খোঁজ—দ্য সার্চ-এর বর্ষার ‘খোঁজ’ চলচ্চিত্র পেল কীভাবে?বর্ষার মুখে এখন আলোর আভা। বললেন, ‘আগে র‌্যাম্পে কাজ করতাম। একদিন অনন্তর প্রতিষ্ঠানের একটা ফ্যাশান শোতে অংশ নিতে গিয়ে পরিচয় হয় ওর সঙ্গে। তখন সে আমাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে চায়। এভাবেই শুরু।’কম্পিউটার ইনফরমেশন সিস্টেমের ওপর তিন বছরের কোর্স শেষে এখন নিজেদের প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বর্ষা। চলচ্চিত্র নিয়ে তাঁর পরিকল্পনা কী? আড্ডায় আমাদের শেষ প্রশ্ন। বর্ষা উত্তর দিলেন, ‘যত দিন হিরোইনের অবস্থান থাকবে, তত দিন অভিনয় করব।’ এর মধ্যে ফোন বেজে উঠল তাঁর। ‘অনন্তর ফোন’ বলে ফোন ধরেই উঠে দাঁড়ালেন তিনি। আমাদের বললেন, ‘এবার যে যেতে হবে। একসঙ্গে দুপুরের খাবার খাওয়ার জন্য অনন্ত অপেক্ষা করছে।’