বর্ষায় মুখরিত সাংস্কৃতিক অঙ্গন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষা এসেছে। নিয়ম মেনে বৃষ্টি নামছে দেশের বিভিন্ন স্থানে। এরই মধ্যে সারা দেশের সংস্কৃতি অঙ্গন কর্মমুখর নানা আয়োজনে। শিল্পকলা একাডেমীর সেমিনারকক্ষে গতকাল সোমবার দুপুরে বাংলাদেশ পথনাটক পরিষদের আয়োজনে বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। এতে ‘সংস্কৃতি বিষয়ক ভাবনা’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ। মান্নান হীরার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, সাধারণ সম্পাদক হাসান আরিফ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের মহাসচিব ঝুনা চৌধুরী, অধ্যাপক নিরঞ্জন অধিকারী প্রমুখ।এ ছাড়া রাজধানী ঢাকার নাট্যমঞ্চগুলোয় গতকাল সন্ধ্যায় বেশ কিছু নাটক মঞ্চস্থ হয়েছে। চিত্রশালাগুলোয় চলছে বিচিত্র প্রদর্শনী। বরিশালে কবিগুরুর সার্ধশততম বার্ষিকী উপলক্ষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। শ্রীমঙ্গলে মুক্তিযুদ্ধের স্মারক প্রদর্শনী কিংবা জয়পুরহাটে চিত্রপ্রদর্শনীতেও ছিল দর্শকের ভিড়।জয়পুরহাটে চিত্র প্রদর্শনীজয়পুরহাট প্রতিনিধি জানান, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষে জয়পুরহাট জেলা জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের উদ্যোগে পাঁচবিবি উপজেলার উচাই আদিবাসী পল্লিতে ‘প্রকৃতিই জীবন’ শীর্ষক তিন দিনব্যাপী ছবি আঁকার কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ২৫ জন শিক্ষক ও শিক্ষার্থীর আঁকা এসব ছবির প্রদর্শনী শুরু হয়েছে গতকাল সোমবার জয়পুরহাট পৌরসভা মিলনায়তনে। প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রশিল্পী আবদুল মান্নান। শ্রীমঙ্গলে মুক্তিযুদ্ধের স্মারক প্রদর্শনীশ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি জানিয়েছেন, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-গবেষণা ইনস্টিটিউট উচ্চবিদ্যালয়ে গতকাল সোমবার থেকে মুক্তিযুদ্ধের স্মারক ও আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। প্রদর্শনী আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে। গতকাল সকালে এই প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. আব্দুস শহীদ। অনুষ্ঠানে অতিথি ছিলেন চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মাহবুবুল হাসান, চা-গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মুকুল জ্যোতি দত্ত ও প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক হারুন-অর-রশিদ সরকার।মৌলভীবাজারে ঋতুভিত্তিক উৎসব মৌলভীবাজার প্রতিনিধি জানান, মৌলভীবাজারে তিন দিনব্যাপী ঋতুভিত্তিক উৎসব গত রোববার শেষ হয়েছে। সাইফুর রহমান মিলনায়তনে গত শুক্রবার থেকে এই উৎসব শুরু হয়। গ্রীষ্ম ও বর্ষা ঋতু উদ্যাপন উপলক্ষে এই উৎসবে মৌসুমি ফল ও পিঠা প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। উৎসবে প্রতিদিন শিশুদের চিত্রাঙ্কন, লোকসংগীত, নৃত্য, লোকনৃত্য ও শিশুনাট্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।ভারত-বাংলাদেশ যৌথ নাট্যকর্মশালাকলকাতা প্রতিনিধি জানান, কবিগুরুর সার্ধশততম জন্মবর্ষকে সামনে রেখে ১৭ জুন থেকে শান্তিনিকেতনে ভারত-বাংলাদেশ যৌথ নাট্যকর্মশালা শুরু হয়েছে। এই নাট্যকর্মশালায় বাংলাদেশের ১০ ও ভারতের ১১ জন তরুণ নাট্যকার অংশ নিয়েছেন। অংশগ্রহণকারীরা প্রত্যেকেই রবীন্দ্র-সাহিত্যকর্মের বিভিন্ন দিক বিশেষ করে গল্প, প্রবন্ধ, কবিতা ইত্যাদির নাট্যরূপ দেবেন। কর্মশালা চলবে ২৭ জুন পর্যন্ত। শান্তিনিকেতনের বসুন্ধরা সভাঘরে চলছে এই যৌথ নাট্যকর্মশালা। প্রশিক্ষণ দিচ্ছেন বাংলাদেশের প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব ও ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের সভাপতি রামেন্দু মজুমদার, সৈয়দ শামসুল হক, কলকাতার বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র, বিভাস চক্রবর্তী প্রমুখ। রামেন্দু মজুমদার বলেছেন, এই যৌথ নাট্যশালার মধ্য দিয়ে বাংলাদেশ বেশ কিছু ভালো নাটক পাবে। এর ফলে রবীন্দ্র-নাট্যচর্চার ভুবন আরও বিস্তৃত হবে।