বর্ষায় শেষ হচ্ছে 'চন্দ্রাবতী কথা'

চন্দ্রাবতী কথা ছবিটি ২০১৪-১৫ অর্থবছরে সরকারি অনুদান পায়। অনুদান পাওয়ার পর গত বছরের নভেম্বরেই ছবির কাজ শুরু করেন নির্মাতা এন রাশেদ চৌধুরী। ছবির প্রায় ৯০ শতাংশ কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। সম্পাদনা ও সাউন্ডের কিছু কাজও এগিয়ে রেখেছেন বলে জানান পরিচালক। তবে কয়েকটি দৃশ্য ধারণের কাজ এখনো বাকি। ওই দৃশ্যে হাওরাঞ্চলে বর্ষাকালের আবহ প্রয়োজন বলেই এই সময়টার অপেক্ষায় ছিল পুরো ইউনিট। পরিচালক আশা করছেন, এই বর্ষাতেই ছবির শুটিং সম্পন্ন হবে।
ছবির পরিচালক ও প্রযোজক এন রাশেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, চন্দ্রাবতী কথা ছবির জন্য তাঁরা সরকারের কাছ থেকে দুই কিস্তিতে মোট ২০ লাখ টাকা অনুদান পেয়েছেন। সম্প্রতি অনুদান নিয়ে কঠোর অবস্থান নিয়েছে তথ্য মন্ত্রণালয়। অনুদান পাওয়ার বেশ কয়েক বছর পার হয়ে যাওয়ার পরও যাঁরা ছবির কাজ শেষ করেননি, সেসব নির্মাতার বিরুদ্ধে এবার ব্যবস্থা নিচ্ছে সরকার। এ প্রসঙ্গে এন রাশেদ চৌধুরীর মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘এটি অবশ্যই সরকারের একটি ভালো উদ্যোগ। তবে আমি মনে করি, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারকে আরও বেশি বিচার ও পর্যালোচনা করা উচিত। অনুদান দেওয়ার পর সেই ছবির অগ্রগতি সম্পর্কে নিয়মিত যথেষ্ট খোঁজখবর রাখা উচিত। সরকারের পক্ষ থেকে অনুদানপ্রাপ্ত ছবির অগ্রগতি জানানোর জন্য একটি তত্ত্বাবধায়ক কমিটি গঠন করা হয়েছে। আমরা চন্দ্রাবতী কথা ছবির অগ্রগতির বিষয়ে নিয়মিত এই কমিটিকে জানিয়ে এসেছি।’
বেঙ্গল ক্রিয়েশন এই ছবির সহ–প্রযোজক। এখানে অভিনয় করেছেন গাজী রাকায়েত, দিলরুবা হোসেন দোয়েল, নওশাবা ও বর্ষণ।