বলা যাইব না, সবাই শুনলে হাসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২২ নভেম্বর। রাত সাড়ে আটটা। রাজধানীর মধুমিতা প্রেক্ষাগৃহ থেকে মহুয়া সুন্দরী ছবি দেখে বেরিয়েছেন মুক্তা বেগম। সঙ্গে স্বামী আনোয়ার হোসেন আর মেয়ে জাকিয়া সুলতানা। মুক্তা বেগম তাঁর পরিবার নিয়ে ছবি দেখার অভিজ্ঞতা বলেছেন প্রথম আলোর কাছে।
মধুমিতা প্রেক্ষাগৃহে পরীমনির সঙ্গে মুক্তা বেগম ও তাঁর পরিবার
মধুমিতা প্রেক্ষাগৃহে পরীমনির সঙ্গে মুক্তা বেগম ও তাঁর পরিবার

কী কাজ করেন?
মতিঝিলে একটি ব্যাংকের অফিস সহকারী।
নিয়মিত সিনেমা দেখেন?
হ্যাঁ, কোনো সামাজিক ছবি হইলেই পুরা ফ্যামিলি নিয়ে চইল্যা আসি।
দেখার আগে কীভাবে বোঝেন কোনটা সামাজিক ছবি?
ক্যান, ছবির পোস্টার দেখলেই বোঝা যায়। আর ভালো ছবি নিয়া এমনেই আলোচনা হয়। তারপর মনে করেন পেপারে আর টিভিতে ছবির ভালো-মন্দ নিয়া কথা হয়।
‘মহুয়া সুন্দরী’ দেখে কী মনে হলো?
ভালো লাগছে। মনে হইলো অনেক দিন পর একটা মনের মতো ছবি দেখলাম।
কোন দৃশ্যটা চোখে ভাসছে?
নায়ক যখন নায়িকারে খুঁজতে খুঁজতে যাত্রাপালার ঘোষণা শুইনা নৌকা নিয়া নদী পার হইলো। আবার নৌকা তীরে ভেড়ার আগেই যখন ঝাঁপ দিয়া নাইমা সাঁতরাইয়া পার হইলো, এইটা খুব ভালো লাগছে।
কোনো দৃশ্য খারাপ লেগেছে?
লাগছে। ছবির শেষে নায়িকা যখন নিজের পেটে নিজেই ছুরি মাইর্যা মইরা গেল, এইটা দেইখ্যা অনেক কষ্ট পাইছি। চোখে পানি চলে আসার মতো সিন।

আপনার চোখে পানি এসেছে?
(হাসি), বলা যাইব না, সবাই শুনলে হাসব।
আজ আপনাদের সঙ্গে বসে নায়িকাও (পরীমনি) ছবিটি দেখলেন। কেমন লাগল?
খুব ভালো লাগছে। তবে নায়িকারে বাস্তবের চেয়ে সিনেমাতেই বেশি ভালো লাগছে।