গুজারিশখামোশি, হাম দিল দে চুকে সনম, দেবদাস, ব্ল্যাক—এই চার ক্লাসিক হিন্দি ছবির পরিচালক সঞ্জয় লীলা বানসালির জনপ্রিয়তায় কিছুটা কলঙ্ক লেপে দিয়েছিল সাওয়ারিয়া, তিন বছর আগে। অবশ্য পৃথিবীর সব নির্মাতারই সফল কাজের সঙ্গে ব্যর্থ কাজও থাকে। এবার হয়তো আর ভুল হবে না। কারণ, বানসালির নতুন ছবি গুজারিশ-এ নায়িকা চরিত্রে আছেন বানসালির হিট ছবির নায়িকা ঐশ্বরিয়া। হূতিক রোশনের মতো খুঁতখুঁতে অভিনেতাও প্রথমবারের মতো কাজ করলেন বানসালির সঙ্গে। ধুম টু ও যোধা আকবর-এর পর হূতিক-ঐশ্বরিয়া জুটিকে মানা হচ্ছে এ দশকের সবচেয়ে জাদুকরি জুটি হিসেবে। গুজারিশ-এ হূতিক জাদুকর চরিত্রে অভিনয় করেছেন। কোনো এক দুর্ঘটনার কারণে হুইল চেয়ারে বাকি জীবন কাটাতে হয় তাঁকে। ছবিতে অভিনয়ের জন্য টানা কয়েক মাস বাস্তব জীবনেও হূতিক হুইল চেয়ারে কাজ করতেন। হূতিকের প্রেমিকা চরিত্রে নবাগতা মণি কঙ্গনা দত্ত ও ঐশ্বরিয়ার স্বামী চরিত্রে নবাগত আদিত্য রায় কাপুরকে দেখা যাবে। ঐশ্বরিয়া এ ছবিতে হূতিকের সেবিকা চরিত্রে অভিনয় করেছেন। গুজারিশ ছবির সংগীত পরিচালনা ও চিত্রগ্রহণ করেছেন পরিচালক নিজে। গুজারিশ মুক্তি পাচ্ছে আগামী ১৯ নভেম্বর। সূত্র: ওয়েবসাইট