ব্রেক কে বাদমুঝসে দোস্তি কারোগে, হাম তুম, ফানা, থোড়া পেয়ার থোড়া ম্যাজিক-এর পরিচালক কুনাল কোহলি প্রথমবারের মতো প্রযোজক হিসেবে আসছেন। ছবির নাম ব্রেক কে বাদ। নিজেই পারতেন পরিচালক হিসেবে দাঁড়াতে, কিন্তু প্রথম প্রডাকশনে তিনি সুযোগ করে দিয়েছেন তাঁরই সহকারী দানিশ আসলামকে। দানিশ প্রথমবারের মতো দর্শকদের সামনে আনছেন নতুন জুটি দীপিকা পাড়ুকোন-ইমরান খানকে। সঙ্গে আছেন শর্মিলা ঠাকুর, শাহানা গোস্বামী। বিশাল-শেখর সংগীত পরিচালনার দায়িত্বে। আগামী ২৬ নভেম্বর মুক্তি পাবে ব্রেক কে বাদ। ইমরান খানের ট্র্যাক রেকর্ড বলে, বরাবরই ইমরান নতুন পরিচালকদের সঙ্গে হিট ছবি উপহার দিয়েছেন। সেই ধারাবাহিকতায় ব্রেক কে বাদ নিয়েও তাঁর প্রত্যাশা আকাশছোঁয়া। যদিও কুসংস্কারাচ্ছন্ন প্রযোজক কুনাল ছবির পাত্র-পাত্রীকে ছবি মুক্তির আগে ছবি নিয়ে টুইটারে কোনো রকম প্রচারণা না করার জন্য নিষেধ করে দিয়েছেন। ছবির কাহিনি বর্তমান সময়ের তরুণদের সম্পর্ক নিয়ে। সম্পর্কচ্ছেদের পর প্রেমিক-প্রেমিকার কী হাল হয়—তা-ই দেখিয়েছেন পরিচালক দানিশ আসলাম।সূত্র: ওয়েবসাইট