কখনো তিনি রা ডট ওয়ান-এর সুপার হিরো। কখনো ডন। কখনো ম্যায় হুঁ নার দেশপ্রেমী সৈনিক। দশাসই সব ষন্ডামার্কা ভিলেনকে এক ঘুষিতেই কাবু করে দেন। এক রণহুংকারেই খলনায়ক আর তাঁর সাঙ্গপাঙ্গদের দফারফা।কিন্তু বাস্তব পৃথিবীর চিত্রনাট্য যে লেখেন ভাগ্যবিধাতা। এখানে তাই সহজেই পার পাওয়া হয় না শাহরুখ খানের। আর তাই টানা চতুর্থ আইপিএল শেষেও পরম আরাধ্য ট্রফিটা ছুঁয়ে দেখা হলো না কিং খানের। অথচ রুপালি পর্দার জগৎ হলে গল্পটা হতো অন্য রকম। যেখানে যত সংকটই দেখা দিক, ঠিক বিজয়ীর বেশে ফিরিয়ে আনতেন শাহরুখ খান।তাও তো এবার মোটামুটি বেশ সাফল্যই পেয়েছেন। আইপিএলের প্রথম তিন আসর তাঁর জন্য ছিল বিব্রতকর এক অভিজ্ঞতাই। প্রথমবার ২০০৮ সালে শেষের দিক থেকে তৃতীয় হয়েছিল শাহরুখ আর জুহি চাওলার কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। পরেরবার আরও দৈন্যদশা। আর গতবারও ষষ্ঠ। সে তুলনায় এবার ফাইনালের প্রায় কাছাকাছি যাওয়া শাহরুখের জন্য বিরাট সাফল্য বৈকি।এবারের এই অভিজ্ঞতা শাহরুখের নিজের জন্যও অচেনা ছিল। নিজেই স্বভাবসুলভ দিলখোলা ভঙ্গিতে বলেছেন, ‘এর আগে দলকে আমি শুধু হারতেই দেখতাম। এবার দেখছি একের পর এক ম্যাচ জিততে। এই অভিজ্ঞতা আমার জন্য অচেনা।’প্রথম তিন আসরের মতো এবারও প্রায় প্রতি ম্যাচেই গ্যালারিতে হাজির হয়ে খেলোয়াড়দের উৎসাহ জুগিয়ে গেছেন। নিয়মিত দেখা মিলেছে কিংস ইলেভেন পাঞ্জাবের মালকিন প্রীতি জিনতার। একটু অনিয়মিত ছিলেন রাজস্থান রয়্যালসের শিল্পা শেঠী। যদিও প্রীতির এবারের অভিজ্ঞতা খুব একটা প্রীতিময় ছিল না। শিল্পার ও রাজস্থানের রাজকীয় দিন আর নেই। তথৈবচ। পয়েন্ট টেবিলে দুজনের দলের অবস্থান ছিল পাশাপাশি। প্রীতির পাঞ্জাব পাঁচে, শিল্পার রাজস্থান ছয়ে।তবে এবারও ক্রিকেটীয় সাফল্যই আইপিএলে শেষ কথা নয়। কিং খান নিজেই সেটা প্রথম আসরে দেখিয়ে দিয়েছিলেন। টাকার অঙ্ক আর লিগে সাফল্য যা-ই হোক না কেন, প্রথমবারই সবচেয়ে ব্যবসাসফল দল ছিল কেকেআর। ‘ক্রিকেটেইনমেন্ট’ নামের যে নতুন ধারণা, শাহরুখের ব্যবসায়িক বুদ্ধি সেটা রপ্ত করে নিয়েছে ভালোই। এখানে শাহরুখ বাজিমাত করেছেন বিজয় মালিহা কিংবা মুকেশ আম্বানিদের মতো ধনকুবেরদের সঙ্গে পাল্লা দিয়েই।তবে দুই চিমটি ক্রিকেটের সঙ্গে এক চিমটি গ্ল্যামার যতই মেশানো হোক না কেন, শেষ বিচারে মানুষ কিন্তু প্রেরণাবালিকাদের নর্তনকুর্দন দেখতে মাঠে যায় না। সাফল্যপিয়াসী মানুষ চায় নিজ দলের সাফল্য। এটাও এবারের দলমালিকেরা ভালো বুঝেছেন। বুঝেছেন বলে প্রথম তিন আসরের তুলনায় এবার আইপিএলের ক্রিকেট আঙিনায় বলিউড তারকাদের উপস্থিতি ছিল তুলনামূলক কম।কম, কিন্তু সেটিও কম নয়! পার্টি-টার্টি এবারও জম্পেশই হয়েছে। তবে প্রথম তিন আসরের মতো সেটি চোখে লাগার মতো ছিল না। সেই অভিজ্ঞতাই চাক্ষুষ করে এলেন ‘বাংলাদেশের জান’ সাকিব আল হাসান। বঙ্গসন্তান সাকিবের ঠিকানা হয়েছিল কেকেআরেই। বল হাতে সফল সাকিবের প্রথম আইপিএল অভিজ্ঞতা ভালোই ছিল। বলিউড তারকাদের উষ্ণ সান্নিধ্য পেয়েছেন। স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি সান্নিধ্য পেয়েছেন কেকেআর মালিক শাহরুখের।রুপালি পর্দায় দেখে আসা মানুষটির সঙ্গে কতটা পার্থক্য রক্ত-মাংসের মানুষটির? সাকিবের কাছে জানা গেল, মালিক হিসেবে নয়, শাহরুখ তাঁর খেলোয়াড়দের কাছে দেখা দিয়েছেন চাক দে ইন্ডিয়ার ‘কবির খান’ হিসেবে, ‘আসলে মানুষ হিসেবে তিনি খুবই ভালো। দেখা হলে ক্রিকেট নিয়ে খুব একটা কথা বলতেন না। এর চেয়ে বেশি আমাদের অনুপ্রাণিত করতেন। এই দলের মালিক হিসেবে তাঁকে খুবই যোগ্য মনে হয়েছে আমার।’বলিউড তারকাদের বিনয়ও মুগ্ধ করেছে সাকিবকে, শাহরুখের বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল। সেখানে অনেক বলিউড তারকার সঙ্গে দেখা হয়েছে। অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া ও হূতিক। মজার ব্যাপার হলো, ওঁদের তো আমি আগে থেকেই চিনি। তার পরও প্রতিবার পরিচয় হওয়ার সময় তাঁরা প্রত্যেকেই নিজের নাম বলেছেন। ভেবে দেখুন, হূতিক আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলছেন, ‘হাই, আমি হূতিক।’