বলিউড তারকাদের হলিউড যাত্রা

বলিউডের ছবির পাশাপাশি বলিউডের প্রথম সারির অনেক তারকাই এখন আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত। হলিউডের ছবিতে বলিউডের বহু তারকাই অভিনয় করেছেন। ১৯৬৫ সালের মিস ইন্ডিয়া খেতাব পাওয়া বলিউডের অভিনেত্রী পার্সিস খামবত্তা থেকে শুরু করে কবির বেদী, অমিতাভ বচ্চন, অনিল কাপুর, ঐশ্বরিয়া রাই বচ্চন, টাবু, ইরফান খান, অনুপম খের, মল্লিকা শেরাওয়াতসহ আরও অনেক তারকা এই তালিকায় নাম লিখিয়েছেন। এমন কয়েকজন তারকাদের নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মুম্বাইভিত্তিক অনলাইন নিউজপোর্টাল মিড-ডে ডটকম।
পার্সিস খামবাত্তা
১৯৬৫ সালে মিস ইন্ডিয়া খেতাব জয়ের পর ১৯৬৭ সালে বলিউডের ছবিতে অভিষেক হয় পার্সিস খামবাত্তার। বলিউডে খুব বেশি সাফল্য না পেলেও ১৯৭৯ সালে ‘স্টার ট্রেক: দ্য মোশন পিকচার’ ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন পার্সিস। তিনিই প্রথম বলিউডের অভিনেত্রী যিনি হলিউডের ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ পান। পরবর্তী সময়ে হলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন প্রয়াত এ অভিনয়শিল্পী। তাঁর অভিনীত হলিউডের ছবির মধ্যে রয়েছে ‘নাইটওয়াকস’ (১৯৮১), ‘মেগাফোর্স’ (১৯৮২) ও ‘ওয়ারিয়র অব দ্য লস্ট ওয়ার্ল্ড’ (১৯৮৩)। ১৯৮৩ সালে মুক্তি পাওয়া জেমস বন্ড সিরিজের ‘অক্টোপুসি’ ছবির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয়ের কথা ছিল পার্সিসের। তবে ব্যাটে-বলে না মেলায় শেষ পর্যন্ত চরিত্রটিতে অভিনয় করেন সুইডিশ অভিনেত্রী মড অ্যাডামস। ১৯৯৮ সালে মুম্বাইয়ের মেরিন হাসপাতালে ভর্তি হন পার্সিস। সে বছরের ১৮ আগস্ট হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন গুণী এ অভিনেত্রী। তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর।
কবির বেদী
১৯৮৩ সালে মুক্তি পাওয়া জেমস বন্ড সিরিজের ‘অক্টোপুসি’ ছবিতে অভিনয় করেছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা কবির বেদী। ‘অক্টোপুসি’ ছবির প্রধান খলনায়কের দেহরক্ষীর ভূমিকায় দেখা গেছে বর্ষীয়ান এ অভিনেতাকে।
ঐশ্বরিয়া রাই বচ্চন
বলিউডে তুমুল জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক তারকার মর্যাদাও পেয়েছেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউডের অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। হলিউডের একাধিক ছবিতে দেখা গেছে তাঁকে। সেগুলোর মধ্যে রয়েছে ‘ব্রাইড অ্যান্ড প্রেজুডিস’ (২০০৪), ‘দ্য মিস্ট্রেস অব স্পাইসেস’ (২০০৫), প্রোভোকড (২০০৭), ‘দ্য লাস্ট লিজিওন’ (২০০৭) এবং ‘দ্য পিংক প্যান্থার ২ (২০০৯)। অ্যাশ অভিনীত সর্বশেষ ছবি বলিউডের প্রখ্যাত নির্মাতা সঞ্জয় লীলা বানশালীর ‘গুজারেশ’। ছবিটি মুক্তি পায় ২০১০ সালে। এরপর মা হওয়ার কারণে আর কোনো নতুন ছবিতে অভিনয় করেননি ৪০ বছর বয়সী এ তারকা অভিনেত্রী।
ইরফান খান
বলিউডের প্রতিভাবান অভিনেতা ইরফান খান একাধিক হলিউডের ছবিতে অভিনয় করেছেন। তাঁর অভিনীত হলিউডের ছবির মধ্যে রয়েছে ‘লাইফ অব পাই’ (২০১২), ‘দ্য অ্যামেজিং স্পাইডারম্যান’ (২০১২), ‘নিউইয়র্ক, আই লাভ ইউ (২০০৯) এবং ‘দ্য নেমসেক’ (২০০৬)।
অনিল কাপুর
২০০৮ সালে মুক্তি পাওয়া অস্কারজয়ী ‘স্লামডগ মিলিয়নিয়র’ ছবিতে গেম শো উপস্থাপকের চরিত্রে দেখা গেছে বলিউডের প্রখ্যাত অভিনেতা অনিল কাপুরকে। পরে ২০১১ সালে তিনি হলিউডের তুমুল জনপ্রিয় ‘মিশন ইম্পসিবল’ সিরিজের ‘মিশন ইম্পসিবল: ঘোস্ট প্রোটোকল’ ছবিতে ভারতীয় ব্যবসায়ী ব্রিজনাথ চরিত্রে অভিনয় করেন।
টাবু
২০১২ সালে মুক্তি পাওয়া ‘লাইফ অব পাই’ ছবির কেন্দ্রীয় চরিত্র পাইয়ের মা গীতা প্যাটেল চরিত্রে দেখা গেছে বলিউডের জনপ্রিয় তারকা অভিনেত্রী টাবুকে। এর আগে ২০০৬ সালে মীরা নায়ারের ‘দ্য নেমসেক’ ছবিতেও অভিনয় করেছিলেন টাবু।
অনুপম খের
২০১২ সালের সাড়া জাগানো রোমান্টিক কমেডি ছবি ‘সিলভার লাইনিংস প্লেবুক’। ছবিটিতে চিকিত্সক ক্লিফ প্যাটেল চরিত্রে অভিনয় করেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের।
অমিতাভ বচ্চন
দীর্ঘদিন ধরে বলিউডের ছবির সঙ্গে সম্পৃক্ত থাকলেও অমিতাভ বচ্চনের হলিউড অভিষেক হয়েছে গত বছর মুক্তি পাওয়া ‘দ্য গ্রেট গ্যাটসবি’ ছবির মাধ্যমে। ছবিটিতে অতিথি চরিত্রে অভিনয় করেন ৭১ বছর বয়সী প্রখ্যাত এ অভিনেতা। ‘টাইটানিক’ তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ‘দ্য গ্রেট গ্যাটসবি’ ছবিতে জুয়াড়ি মেয়ার উলফশেইম চরিত্রে দেখা গেছে অমিতাভকে।
ফ্রিদা পিন্টো
ভারতীয় মডেল ও অভিনেত্রী ফ্রিদা পিন্টোর চলচ্চিত্র অভিষেক হয় ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘স্লামডগ মিলিয়নিয়র’ ছবির মাধ্যমে। এরপর একাধিক হলিউডের ছবিতে অভিনয় করেছেন ২৯ বছর বয়সী ফ্রিদা। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য দুটি ছবি হল ‘রাইজ অব দ্য প্ল্যানেট অব দ্য এপস’ এবং ‘ইমমরটালস’। দুটি ছবিই মুক্তি পায় ২০১১ সালে।
মল্লিকা শেরাওয়াত
মার্কিন চিত্রনাট্যকার ও নির্মাতা জেনিফার লিঞ্চ পরিচালিত ‘হিস’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে হলিউডে পা রাখেন ‘মার্ডার’খ্যাত বলিউডের আবেদনময়ী অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। পরে ২০১১ সালে ‘পলিটিকস অব লাভ’ ছবিতে দেখা যায় তাঁকে।
ওম পুরী
১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘উলফ’ ছবিতে অভিনয় করেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ওম পুরী। দুই বছর পর হলিউডের প্রখ্যাত অভিনেতা মাইকেল ডগলাসের সঙ্গে ‘দ্য ঘোস্ট অ্যান্ড দ্য ডার্কনেস’ ছবিতে দেখা যায় ওম পুরীকে।
অমরেশ পুরী
বলিউডে খল অভিনেতা হিসেবেই বেশি পরিচিত প্রয়াত অমরেশ পুরী। হলিউডের তুমুল জনপ্রিয় ‘ইন্ডিয়ানা জোনস’ সিরিজের ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য টেম্পল অব ডুম’ (১৯৮৪) ছবিতে অভিনয় করেছিলেন অমরেশ পুরী।
নাসিরুদ্দিন শাহ
২০০৩ সালে মুক্তি পাওয়া সুপারহিরোনির্ভর ‘দ্য লিগ অব এক্সট্রা অর্ডিনারি জেন্টেলমেন’ ছবিতে ক্যাপ্টেন নেমো চরিত্রে অভিনয় করেছেন ‘দ্য ডার্টি পিকচার’খ্যাত বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ।